চট্টগ্রামে মৌসুমের প্রথম বৃষ্টিপাত
বন্দরনগরী চট্টগ্রাম ও আশপাশের এলাকায় সোমবার মাঝারি ধরনের বৃষ্টিপাতের ফলে তাপদগ্ধ নগরবাসীর জীবনে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে তিনঘণ্টা চলে। স্থানীয় আবহাওয়া অফিস ২৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করে।
স্বস্তির এই বৃষ্টি উপভোগ করতে শুধু শিশুরাই নয় বয়স্কদের অনেকেই বৃষ্টিতে ভিজতে রাস্তায় নেমে আসে।
এদিকে পিডিবি সূত্র জানায়, বৃষ্টির সময় শহরের অনেক এলাকায়ই প্রায় দু’ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বজ্রপাতের ফলে বেশকিছু ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে।
বৃষ্টিপাতের সাথে ঝড়ো বাতাসের কারণে নগরীর বেশকিছু এলাকার বিদ্যুৎ ও টেলিফোনের তার ছিঁড়ে যায়।
আগামী দু’দিনেও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়।
