২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোর্শেদ খানের সাথে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

 ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ. বুটেনিস রোববার পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে দেখা করে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বিরাজমান আন্তরিক সম্পর্ক আরও জোরদার করতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 09:52 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে বুটেনিস সাংবাদিকদের সাথে তার প্রথম আলোচনায় বলেন, বাংলাদেশে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

তিনি বলেন, ঢাকায় আন্তরিক অভ্যর্থনা আমি সত্যিই উপভোগ করছি। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রীর অভ্যর্থনা পেয়ে আমি আনন্দিত।

পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্কের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে। তিনি জানান, এটি ছিলো বুটেনিসের একটি সৌজন্য সাক্ষাৎ, আমাদের আলোচনার কোনও সুনির্দিষ্ট ইস্যু ছিলো না।

পররাষ্ট্র মন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে জানান, আগামী সাধারণ নির্বাচন সংবিধান অনুযায়ী গত তিনটি সাধারণ নির্বাচনের মতো করেই অনুষ্ঠিত হবে।

এছাড়াও তিনি রাষ্ট্রদূতকে সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান ও সম্প্রতি গৃহীত বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে অবহিত করেন।

বুটেনিস বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, জাতিসংঘ শান্তি মিশনে সক্রিয় অংশগ্রহণ ও জেএমবি’র শীর্ষ নেতাদের গ্রেপ্তারে সাফল্যের প্রশংসা করেন।