২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ও যুবদল নেতাসহ রাজধানীতে ৫ খুন

রাজধানীতে নববর্ষের রাতে পৃথক ঘটনায় একজন আওয়ামী লীগ ও যুবদল নেতা এবং র‌্যাবের একজন সোর্সসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 05:21 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নিহত আওয়ামী লীগ নেতার নাম আলীমুল¬াহ ওরফে আলীম (৫৫), তিনি ৭৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার।

রাজধানীর ডেমরা থানাধীন দক্ষিণ সাঈদাবাদে আলীমুল্লাহ আলীমকে তার বন্ধু আব্দুর রব সর্দারসহ (৬০) হত্যা করা হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজধানীর সূত্রাপুর থানাধীন দয়াগঞ্জের সর্দার পট্টি এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আলীমের বাড়িতে পাঁচ থেকে ছয়জনের একটি সন্ত্রাসী দল প্রবেশ করে দুইজনের উপর গুলিবর্ষণ করে। এসময় রব ঘটনাস্থলেই নিহত হয়।

আলীমের স্বজনদের অভিযোগ, আলীমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে জরুরি বিভাগে কোনো চিকিৎসক না থাকায় আলীম চিকিৎসার অভাবে মারা যায়।

এসময় আলীমের আত্মীয় - স্বজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাংচুর করে।

এ ব্যাপারে সূত্রাপুর থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।

সূত্রাপুর থানা পুলিশ জানায়, এব্যাপারে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং হত্যাকা-ের কোনো ক্লুও উদ্ধার করতে পারেনি তারা।

এদিকে অপর এক ঘটনায় রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত পুরান বাজার এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা ও ফোন ফ্যাক্স ব্যবসায়ী ওমর ফারুক নিহত হয়েছে।

যুবদল নেতা জাহিদ কচুক্ষেত এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। রাতেই তাকে ঢাকা মেডিক্যাল হাসাপাতালে আনা হয়। পরে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। সে কচুক্ষেতের সি/বি/১২৬ নম্বর বাসার বাসার বাসিন্দা। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে।

এ ব্যাপারে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপর এক ঘটনায় মিরপুরের শাহ আলী থানা এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীরা র‌্যাবের একজন সোর্সকে গুলি করে হত্যা করেছে।

নিহতের নাম ফরহাদ হোসেন।

সে মিরপুর এক নম্বর সেকশনের ই- ব্লকের ৮ নম্বর রোডের ৪ নম্বর বাসার বাসিন্দা।  

পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ব্যাপারে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া বোটানিক্যাল গার্ডেন থেকে শনিবার সকালে পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে।

পুলিশের ধারণা রাতেই তাকে হত্যা করা হয়েছে।