২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আরো ৬টি মৃতদেহ উদ্ধার

কুষ্টিয়ায় পদ্মা নদীতে মঙ্গলবার রাতে সলেমান শাহ (রাঃ) এর ভক্তদের বহনকারী ট্রলারডুবির ঘটনায় বৃহস্পতিবার আরো ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

এ ঘটনায় এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ১০।

কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগরে সলেমান শাহ (রাঃ)’র মাজারে বার্ষিক ওরছে অংশ গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাত ১২টার দিকে হার্ডিঞ্জ ব্রিজের কাছে অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত লাশেগুলোর মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হল- পাবনার মানিকদিয়া গ্রামের হাবিব (২৪), ঈশ্বরদীর মুলাডুলি গ্রামের এসএম বিল্লাল (২৫), মুন্না মেম্বর (৩০), ছাতিয়ান গ্রামের পিন্টু (১৯), রাজারহাট গ্রামের জাহিদুল (৩০), নাটোর জেলার রাজাপুরের গিয়াস (২৩) এবং ঈশ্বরর্দীর চর রুপপুরের গোলাপ আলী মালিথা (৫০)। অজ্ঞাত এক মহিলাসহ তিনজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

এদিকে আরো লাশের সন্ধানে স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে। নিখোঁজ যাত্রীদের স্বজনরা নিজস্ব ব্যাবস্থায় ট্রলার নিয়ে পদ্মার বুকে লাশের সন্ধান করছেন। তবে ডুবুরি দিয়ে লাশ উদ্ধার এবং ঘটনাস্থলে কোনো পুলিশ মোতায়েন না করায় নিহত ও নিখোঁজদের স্বজনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।