৩৫ কেজি গাঁজা ও হেরোইনসহ ৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ন (র্যাব) নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ এবং ঢাকা থেকে ৩৫ কেজি গাঁজা এবং ৩০০ গ্রাম হেরোইনসহ নয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব সূত্রে বৃহস্পতিবার একথা জানানো হয়।
র্যাব ১০-এর একটি দল বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রশোনবাগ গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, আলমগীর হোসেন (২৬) ও আব্দুর রাজ্জাক (২৮)।
র্যাব ১০-এর অন্য একটি দল বুধবার রাজধানীর সূত্রাপুর থানার স্বামীগঞ্জ দয়াগঞ্জ থেকে দুই মাদক সরবরাহকারীকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো শরিয়তপুরের জুয়েল আহমেদ ওরফে জুয়েল (৩৫) এবং সূত্রাপুরের নাদের ওরফে সুমন (১৯)।
র্যাব ৯-এর একটি দল কিশোরগঞ্জের ভৈরব বাস ষ্ট্যান্ড থেকে সিলেট-বগুড়া রুটের বিআরটিসি বাসে অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জে মোছা: জমিলা খাতুন (৩৫), ব্রাহ্মনবাড়িয়ার জিয়াউর রহমান (৩৫) এবং ফারুক মিয়া (২০)।
র্যাব ৩-এর একটি দল গোপন সূত্রের ভিত্তিতে রাজধানীর শ্যামপুর থানার মুরাদপুর থেকে খোকন (৩০) নামে একজন মাদক বিক্রেতাকে হেরোইনসহ গ্রেফতার করেছে।
র্যাব ৩-এর অন্য একটি দল গোপন সূত্রের ভিত্তিতে নারায়ণগঞ্জের সদর থানার লাঙ্গলবন্ধ বাস ষ্ট্যান্ডের কাছে ফোন সেন্টারের সামনে থেকে আয়নাল হক নামে (৩৫) ২৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
