হরতালের ৫ম দিন:পুলিশ - জনতা মুখোমুখি, সংঘর্ষের আশঙ্কা ১ম লিড
চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পল্ল¬ী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহুত লাগাতার হরতালের পঞ্চম দিন মঙ্গলবারও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে পুলিশ - জনতা সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
আন্দোলনকারীদের দমাতে উপজেলার বিকির মোড় থেকে সোনা মসজিদ স্থল বন্দর পর্যন্ত ১৪৪ ধারা জারি করলেও ওই এলাকায় কোনো মানুষকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না।
এদিকে পুলিশ বিভিন্ন কাজে রাস্তার বের হওয়া সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করতে শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন সাইকেল আরোহীকে সাইকেল থেকে নামিয়ে ঘাড়ে করে সাইকেল নিয়ে যেতে বাধ্য করে পুলিশ। বিকেল পৌনে ৪টার দিকে একজন মোটর সাইকেল আরোহীকে পুলিশ কান ধরে উঠবস করিয়েছে।
কানসাট বাজারের কাছে গোপালনগর মোড়ে মসজিদের পিছনে চা বিক্রেতা শম্ভুকে বেলা সাড়ে ৪টার দিকে পুলিশ বেদম মারধোর করলে স্থানীয় মহিলারা দাও, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে বেরিয়ে আসে। এসময় পুলিশ পিছু হটতে বাধ্য হয়।
এ ঘটনার পর আব্বাস বাজার এলাকায় পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ মাইকে মিছিলের ঘোষণা দেওয়ায় গোটা কানসাট এলাকা এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বিডিনিউজকে জানিয়েছেন, কোনো অবস্থাতেই ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলনকারীদের মিছিল করতে দেওয়া হবে না।
এদিকে পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের কারণে পুরো এলাকা জুড়ে আতংকাবস্থা বিরাজ করছে।
এর আগের দিন সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কানসাট বাজারের বিভিন্ন অলিগলি থেকে আন্দোলনকারী জনতা পুলিশের ওপর হামলা চালালে পুলিশ গত দুই দিনের নেয়া অবস্থান থেকে পুলিশ পিছু হটে আসে। দুপক্ষের সংর্ঘষ চলাকালে পুলিশ ধোবড়া এলাকা নয়জনকে আটক করে। আটক ওই নয়জনকে মঙ্গলবার ১৪৫ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, কানসাটে ১২শ’ পুলিশ ও ১০ প্ল¬াটুন বিডিআর মোতায়েন রয়েছে। এছাড়াও মহিলা পুলিশসহ আরো পুলিশ আনার উদ্যোগ নেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার স্থানীয় বিএনপি নেতা কর্মীদের সাথে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়। ওই ঘটনার পর থেকে কানসাটে ১৪ দফা দাবীতে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করা হয়।
এর আগে কানসাটে বিদ্যুতের দাবীতে পুলিশের গুলিতে দু’দফায় ১০জন নিহত হয়।
