সংগ্রাম পরিষদের সঙ্গে আর কোনো আলোচনা নয়: কানসাটে হতাহতের ঘটনায় আবারো জনতাকে দায়ি করে মিনু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনকালে ৬ এপ্রিল হতাহাতের ঘটনায় জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু সাধারণ জনতাকেই সংঘর্ষের জন্যে দায়ি করেছেন।
স্থানীয় সার্কিট হাউসে শনিবার বিকেলে দ্বিতীয় দফা সংবাদ সম্মেলনে তিনি এ অভিমত প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, একটি রাজনৈতিক দলের স্বার্থে সংগ্রাম পরিষদের ব্যানারে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালানো হয়। অতীতে মানবিক মূল্যবোধের দিকে খেয়াল রেখে সংগ্রাম পরিষদের দাবি মেনে নিয়েছি। কিন্তু এখন তাদের সঙ্গে আর কোনো আলোচনা নয়।
তিনি বলেন, গোলাম রব্বানী রাজনৈতিক উচ্চাভিলাষের জন্যে নিরীহ জনগণকে আন্দোলনে টেনে নিয়ে আসছে। আমি তাদের কথা শুনেছি, কিন্তু তারা আমাকে ব্ল্যাক মেইল করেছে। সংগ্রাম পরিষদের বেশিরভাগ দাবি পূরণ করেছি। বাকি দাবিগুলো সংবিধান সংশ্লিষ্ট বলে বিধায় সংবিধান পরিবর্তন ছাড়া ওইসব দাবি মানা সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে তিনি গোলাম রব্বানীকে সন্ত্রাসী আখ্যায়িত করে বলেন, হাসুয়া বল্লম নিয়ে গোলাম রব্বানীর লোকজন বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ করে হত্যা করেছে।
গোলাম রব্বানীর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হবে কি--না, এ প্রশ্নের জাবাবে তিনি বলেন, দেশের প্রচলিত আইনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, এর আগে কানসাটে ২৪ ফেব্র“য়ারি নিহত দু’জনের পরিবারকে যে টাকা দেওয়া হয়েছিল, সে টাকা গোলাম রব্বানী আত্মসাত করেছে।
সংবাদ সম্মেলনে শিবগঞ্জের এমপি শাহজাহান মিয়া সংগ্রাম পরিষদকে সন্ত্রাসী গ্র“প উল্লেখ করে বলেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে।
সকালে শিবগঞ্জে তার বাসভবনে শাহজাহন মিয়া সাংবাদিকদের বলেন, প্রয়োজনে পদত্যাগ করবো, কিন্তু গোলাম রব্বানীর কাছে নতি স্বীকার করবো না। অবশ্য বিকেলের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের কথা আমি বলিনি। ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, সাংবাদিকদের আমি মানি না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম, নায়েবে আমীর লতিফুর রহমান, জামায়াত নেতা ও পৌর চেয়ারম্যান আতাউর রহমানসহ স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা।
এদিকে সংবাদ সম্মেলনে মেয়র মিনুর বক্তব্যে উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করেছে সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী। নিহতদের পরিবারের টাকা আত্মসাতের ব্যাপারে নিহত আনোয়ারের মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারের দেওয়া দেড়লাখ টাকাই আনোয়ারের স্ত্রী মৌসুমীর নামে ব্যাংকে জমা রয়েছে।
