কানসাট আবারো রণক্ষেত্র: বিএনপি ও বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের মধ্যে সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বৃহস্পতিবার পল্টা পাল্টি কর্মসূচি নিয়ে বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক আহত হয়েছে। এসময় শিবগঞ্জ ও কানসাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
স্থানীয় সূত্র জানায়, নিহতরা হচ্ছে- শিবগঞ্জের রেকির মোড়ের আকরাম দাদখান, নয়লাভাঙ্গা গ্রামের রশিক নগর গ্রামের কৃষক দল নেতা মাহাবুব ও কানসাট লহলামারী গ্রামের আব্দুল জিলানী (১৪)।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় বিএনপি বৃহস্পতিবার বিকেলে গত ২৯ মার্চ রাজশাহীতে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদানকালে হরতাল ডাকার প্রতিবাদে একটি সমাবেশের আয়োজন করে।
কানসাট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদও বিরামহীন বিদ্যুৎ সরবরাহের দাবীতে লঠি ঝাড়– মিছিলের ঘোষণা দেয়।
পূর্ব কর্মসূচি অনুযায়ী লাঠি ও ঝাড়– মিছিল শুরু হওয়ার আগে বেলা ৩টার দিকে কানসাট রাজবাড়ী মাঠে সমাবেশ শুরু হয়। পৌনে ৫টার দিকে আন্দোলনের নেতা গোলাম রব্বানীর বক্তব্য চলাকালে একদল বিক্ষুব্ধ রব্বানী সমর্থক মিছিল করতে করতে শিবগঞ্জের দিকে রওয়ানা দেয়।
এসময় বেকির মোড়ে বিএনপির সমবেশ চলছিল। ওই সমাবেশ থেকে বিএনপি ক্যাডাররা সংগ্রাম পরিষদের মিছিলে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংগ্রাম পরিষদ মিছিল নিয়ে শিবগঞ্জ বাজারে ঢুকলে স্থানীয় বিএনপি ক্যাডারদের সাথে সংঘর্ষ বেধে যায়। এসময় তাদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়। উভয়পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে।
সংঘর্ষের সময় প্রায় অর্ধ শতাধিক বোমার বিস্ফোরণ হয়।
সংঘর্ষের সময় শিবগঞ্জ সোনামসজিদ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বাজারের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা ছিল নীরব। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ দুরে দাঁড়িয়ে দর্শক হিসেবে সংঘর্ষ দেখে।
শিবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই কুদ্দুস জানান, সংঘর্ষের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাছাড়া তাদের কাছে হতাহতের খবর নেই।
তবে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম জানান, গোলাম রব্বানীর আত্মীয় আকরাম ও কৃষক দল নেতা মাহাবুবের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা করছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে তিনি জানান।
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতদের শিবগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিবগঞ্জ ও কানসাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এরআগে কানসাটে বিদ্যুতের দাবীতে পুলিশের গুলিতে দুইজন এবং ২৩ জানুয়ারি আটজন নিহত হয়।
