চট্টগ্রামে অবৈধ ভিওআইপি চক্রের সন্ধান পেয়েছে র্যাব
চট্টগ্রামের র্যাব এক অভিযানে বুধবার গোপন একটি বিদেশি ভয়েস ওভার ইন্টারনেট ফোন (ভিওআইপি) পরিচালনাকারী চক্রের সন্ধান পেয়েছে। এ চক্রের সাথে জড়িত টিএন্ডটি’র এক লাইনম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এরকম আটটি অবৈধ টেলিফোনের সন্ধান পায়। চট্টগ্রামে কুইন্টাম ফোর-পোর্ট গেটওয়ে সিস্টেম স্থাপনের পাঁচদিন পর র্যাব অবৈধ ভিওআইপি ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে পারে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চিটাগং টেলিকম লিমিটেডের মালিক সোহেল চৌধুরী, সৈয়দ মহসীন আলী এবং আইটি বিশেষজ্ঞ ও টিএন্ডটির লাইনম্যান ইন্টারনেট সংযোগ প্রদানকারী আলী ওয়াহাব।
জিজ্ঞাসাবাদে প্রেপ্তারকৃতরা অবৈধভাবে বিদেশে টিএন্ডটি ফোনের সুবিধা দেওয়ার মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে প্রচুর অর্থ উপার্জনের বিষয়টি স্বীকার করে।
টিএন্ডটি লাইনম্যানের যোগসাজশে তারা সানমার প্রপার্টিজ থেকে আটটি টেলিফোন সরিয়ে এনে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় স্থাপন করে।
এই চক্রটি কুইন্টাম ফোর পোর্ট গেটওয়ে সিস্টেমের মাধ্যমে বিদেশ থেকে আসা ফোন কল রিসিভ করে এবং গ্রাহকদের কাছে তা পাঠায়। এক্ষেত্রে তারা যে টার্মিনেশন সিস্টেম ব্যবহার করে তার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
কুইন্টাম ফোর পোর্ট গেটওয়ে সিস্টেমের মাধ্যমে সকল বিদেশি ইনকামিং কলকে তারা লোকাল কল হিসেবে টিএন্ডটি ল্যান্ড ফোন বা মোবাইলে পাঠাত।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা এভাবে কয়েক হাজার বিদেশি কলকে লোকাল কলে রূপান্তরিত করে প্রচুর পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়েছে বলে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে।
