১১ এপ্রিল শ্রমিক নিরাপত্তা দিবস পালন করবে ১৮টি উন্নয়ন সংগঠন
সাভারের স্পেক্ট্রাম পোশাক কারখানায় মর্মান্তিক প্রাণহানির ঘটনার স্মরণে ১৮টি উন্নয়ন ও সামাজিক আন্দোলন সংগঠনের জোট শ্রমিক নিরাপত্তা ফোরাম ১১ এপ্রিল শ্রমিক নিরাপত্তা দিবস পালন করবে।
২০০৫ সালের ১১ এপ্রিল স্পেক্ট্রাম পোশাক কারখানায় ভবন ধসের ঘটনায় কমপক্ষে ৭৩ জন পোশাককর্মী নিহত ও বহু আহত হন।
দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে শ্রমিক নিরাপত্তা ফোরামের নেতৃবৃন্দ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই দিন ফোরামের পক্ষ থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারের শিল্প এলাকায় ট্রাক মিছিল বের করা হবে। এছাড়া বিভিন্ন পোশাক কারখানায় ঘটে যাওয়া দুর্ঘটনা অবলম্বনে তৈরি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
ফোরাম নেতৃবৃন্দ নিহত এবং আহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতির মাধ্যমে এ দাবি উত্থাপন করেন।
বিবৃতিতে তিনি বলেন, স্পেক্ট্রাম ও ফিনিক্স ভবনধসের ঘটনা বাদে ১৯৯১ সালের পর দেশের বিভিন্ন পোশাক কারখানায় ২৪টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০৫ জন পোশাককর্মী নিহত হয়েছেন ও কয়েক হাজার পোশাককর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, পোশাক কারখানা মালিকদের সীমাহীন লোভ, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ব্যর্থতা এবং আইন ও নিয়মকানুন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইনের অভাবের কারণে পোশাক কারখানায় দুর্ঘটনার সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
ফোরাম নেতৃবৃন্দ বলেন, কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দেওয়া হাইকোর্টের নির্দেশনা সরকার মেনে চলছে না।
কর্মজীবী নারীর শিরিন আক্তার, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) মহাসচিব জাফরুল হাসান, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) অ্যাডভোকেট ইকবাল কবীর, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল এবং কর্মজীবী নারীর রোকেয়া রফিক বেবি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
