উড়োজাহাজ লিজ নেয়ার প্রশ্নে বিমান ও বাপা’র বিরোধ চরমে
উড়োজাহাজ লিজ নেয়ার প্রশ্নে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও পাইলটদের সংস্থা বাপা (বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন) এখন মুখোমুখি।
বিমান সূত্র জানায়, দুটি এয়ারবাস অথবা বোয়িং ৭৬৭ লিজ নেয়ার বিষয়ে বাপাকে আগাম কোনো তথ্য না জানানোয় দুপক্ষের মধ্যে বিরোধ এখন চরমে।
বাপা’র পক্ষ থেকে সম্প্রতি বিমানকে দেওয়া এক পত্রে উড়োজাহাজ লিজ নেয়ার বিষয়ে কোনো খবরাখবর বাপাকে না জানানোয় কড়া প্রতিবাদ জানানো হয়। বিমান কর্তৃপক্ষ ৩০ মার্চ এক জবাবী পত্রে বাপা'কে বলেছে, উড়োজাহাজ লিজ নেয়ার বিষয়টি এখনো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দরপত্র আহ্বান করার মধ্যেই সীমাবদ্ধ। লিজিং এর বিষয়টি চূড়ান্ত করা হলে অবশ্যই তা বাপাকে জানানো হবে।
জানা যায়, বাপার পক্ষ থেকে শিগগিরই ওই পত্রটিরও প্রতিবাদ জানানো হবে। বিমানের লিজিং বন্ধ করতে গড়ে তোলা হবে সর্বাতœক আন্দোলন -- ধর্মঘট। তবে বিমান কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ খুলতে নারাজ।
বাপা নেতারা বলছেন, উড়োজাহাজ লিজ বা কেনা বেচা সংক্রান্ত যে কোনো পদক্ষেপ নেয়ার আগে তা অবশ্যই বাপাকে জানাতে হবে। বাপার পাইলটরাই এ সব সংগৃহিত উড়োজাহাজ চালাবেন বলে একটি চুক্তি করা হয়েছিলো। বিমানের সঙ্গে বাপার ১৯৯৮ সালে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সর্বশেষ ওই চুক্তিটি হালনাগাদ করা হয় ২০০৪ সালে।
কিন্তু উড়োজাহাজ সংকট মোকাবিলায় বিমান বাপাকে কিছুই না জানিয়ে গত ফেব্র“য়ারি মাসে দুটি এয়ারবাস অথবা বোয়িং ৭৬৭ লিজ নেয়ার জন্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। ২৩ মার্চ দরপত্র খোলার শেষ সময়সীমা হলেও পরে আবার পত্র -- পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এর মেয়াদ ৬ এপ্রিল বাড়ানো হয়। এ সবই বাপার সঙ্গে বিমানের স্বাক্ষরিত চুক্তির চরম লঙ্ঘন।
বাপার একজন শীর্ষ স্থানীয় নেতা প্রশ্ন তুলে বলেন, উড়োজাহাজ লিজ নেয়ার জন্যে বিমানের এত রাখঢাক কেনো?
তিনি বিডিনিউজকে বলেন, এর নেপথ্যে কমিশনভোগী কোনো মহলের স্বার্থ রয়েছে কি না-- এ সন্দেহ থেকেই যায়।
বাপা নেতা জানান, তাদের পক্ষ থেকে বিমানের ওই পদক্ষেপের শুধু প্রতিবাদই করা হবে না। বিমানের ওই লিজিং এর উদ্যোগ বন্ধ করতে গড়ে তোলা হবে সর্বাত্মক আন্দোলন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজকে বলেন, এ বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না।
বিমানের একটি ডিসি-- ১০ গত ১ জুলাই চট্টগ্রামে এবং আরেকটি এফ-- ২৮ গত বছর ৮ অক্টোবর সিলেটে দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ার পর সংস্থাটিতে উড়োজাহাজ সঙ্কট দেখা দেয়। ফ্লাইট শিডিউল ঠিক রাখতে নেয়া হয় লিজিং এর মাধ্যমে ওই নতুন উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ।
বিশ্বের তিনটি মহাদেশের ২৬টি আন্তর্জাতিক এবং সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে বিমান ছয়টি ডিসি -- ১০, চারটি এয়ারবাস ও চারটি এফ ২৮ উড়োজাহাজ দিয়ে যাত্রী পরিবহন করে।
