২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণাঞ্চলের ২১টি জেলায় বিদ্যুৎ ঘাটতি চরমে, জনজীবন বিপর্যস্ত

দক্ষিণাঞ্চলের ২১ জেলায় বিদ্যুৎ ঘাটতি এবং ভয়াবহ লোডশেডিং এর কারণে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে এবং সেই সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 09:18 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব জেলার চাহিদার তুলনায় ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ প্রায় প্রতিদিনই কম সরবরাহ করা হচ্ছে। এছাড়া সকালে অর্থাৎ অফ পিক আওয়ারে ১৯৩ মেগাওয়াট কম বিদ্যুৎ সরবরাহ করায় জনসাধারণকে দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে।

৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি প্রায় তিন মাস বন্ধ থাকার পর মঙ্গলবার চালু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত তা চালু হয়নি। প্রতিদিন এসব জেলায় গড়ে ১০ থেকে প্রায় ১২ ঘন্টা বিদ্যুতের লোড শেডিং হচ্ছে।

বিদ্যুৎ ঘাটতির কারণে কৃষিকাজ, শিল্প, কল-কারখানা ও ব্যবসা বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা।

সূত্র জানায়, খুলনা-বরিশাল বিভাগসহ বৃহত্তর ফরিদপুর নিয়ে গঠিত  ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর আওতাধীন এলাকায় ওজোমাডিকো এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে ৬০৯ মেগাওয়াট চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে ২৬৫ থেকে ২৭০ মেগাওয়াট। এর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড থেকে ১১০ মেগাওয়াট ও জাতীয় গ্রীড থেকে ১৬০ মেগাওয়াট সরবরাহ করা হয়।