বিদ্যুৎ, সার, ডিজেলের দাবিতে পীরগঞ্জে বিদ্যুৎ অফিস ও উপজেলা কার্যালয় ঘেরাও
সার, ডিজেলের সংকট ও বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার নেতাকর্মীরা বৃহস্পতিবার বিদ্যুৎ অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে বলা হয়, দাবি আদায় না হলে আগামী বৃহস্পতিবার উপজেলা সদরে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করা হবে।
এর আগে তারা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাসদ জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আজিজুল ইসলাম, জাসদ উপজেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ আলী মানিক, আওয়ামী লীগ নেতা সরদার মকবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেকেন্দার আলী প্রমুখ।
বক্তারা বলেন, আগামী বুধবারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে এবং সার ও ডিজেল সংকটের সমাধাণ না হলে পীরগঞ্জ অচল করে দেওয়া হবে।
