১ এপ্রিল থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্যাংক, লরি মালিক সমিতি
জ্বালানি তেলের পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর না হওয়ার প্রতিবাদে ১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্যাংক, লরি মালিক সমিতি।
সমিতির পক্ষ থেকে দেয়া এক চিঠিতে বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
তাদের পক্ষ থেকে দাবি করা হয়, গত ১৩ মার্চ বিপিসি - সমিতির মধ্যে অনুষ্ঠিত এক সভায় প্রতি লিটার হালকা জ্বালানির (ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন) পরিবহন ভাড়া ১৮ পয়সা থেকে ২০ পয়সা এবং ভারি জ্বালানি (ফার্নেস ওয়েল) ২০ থেকে ২৪ পয়সা করার সিদ্ধান্ত হয়েছিল।
কিন্তু বুধবার পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর না হওয়ার কারণে সমিতির পক্ষ থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দু মাস আগে এই পরিবহন ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। কিন্তু বিপিসি কেন তা কার্যকর করেনি এটা রহস্যজনক।
অন্যদিকে বিপিসি কর্মকর্তারা জানান, চেয়ারম্যান ভাড়া বাড়ানোর প্রশ্নে চিঠি দিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চেয়েছে।
সর্বশেষ জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিপিসি চেয়ারম্যানকে ফোনে বৃহস্পতিবারের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দিয়েছেন।
