শায়খ রহমান ও বাংলাভাই ঝিনাইগাতী ব্র্যাক কার্যালয়ে ডাকাতিতে অংশ নিয়েছিলো : জেএমবির শেরপুর জেলা কমান্ডার সুমনের ১৬৪ ধারায় জবানবন্দি
জেএমবি’র শেরপুর জেলা কমান্ডার মোজাহিদুল ইসলাম সুমন গোয়েন্দা পুলিশকে বলেছে, জেএমবির শীর্ষ দু’নেতা শায়খ আব্দুর রহমান এবং সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই ঝিনাইগাতী ব্র্যাক কার্যালয় ডাকাতিতে অংশ নিয়েছিলো।
গোয়েন্দা পুলিশের ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা ও জেএমবির কর্মকান্ড সম্পর্কে সুমন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দেয়।
প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেন ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।
সে জবানবন্দিতে ১৭ আগস্ট শেরপুরে সিরিজ বোমা হামলায় নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, মোজাহিদুল ইসলাম সুমন ১২ পাতার দীর্ঘ জবানবন্দিতে নিজেকে জেএমবির ‘এহসার সদস্য’, তার বড় ভাই নাজমুল হাসান রোমানকে ‘গায়েবে এহসার সদস্য’ এবং মেজবাহুস সালেহীন রাজনকে ‘আত্মঘাতী সদস্য’ বলে উল্লেখ করে। সে নিজে শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় বোমা হামলায় দায়িত্ব পালন করে বলে জানায়। এছাড়া শহরের জজকোর্ট চত্বর, ডিসি অফিস, বাস টার্মিনালসহ অপর চারটি স্পর্শকাতর স্থানে পাঁচটি বোমা হামলাকারীদের মধ্যে একজনকে সে ব্যাক্তিগতভাবে চিনলেও, অন্যদের নাম পরিচয় জানে না। তবে এরা শেরপুর জেলার বাইরের হলেও জেএমবির সক্রিয় সদস্য বলে সে জানায়।
জবানবন্দিতে সুমন জানায়, সে জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং সেখান থেকে সে ভিপি নির্বাচনেও প্রতিদ্বন্দিতা করে। সে জবানবন্দিতে উল্লেখ করে, ২০০৩ সালের ১০ ফেব্র“য়ারি রাতে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ব্র্যাক কার্যালয়ে যে ডাকাতি হয়, তাতে শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাই অংশগ্রহণ করে। তাদের উপস্থিতিতে এনজিও’র নাজায়েজ ও অনৈসলামিক কর্মকান্ডের প্রতিবাদে এই ডাকাতি সংগঠিত হয়বলে সে জানায়। ডাকাতির মূল উদ্দেশ্য ছিল ব্র্যাকের ঋণ কার্যক্রমের হিসাবের নথিপত্র এবং কম্পিটারে সংরক্ষিত এ সংক্রান্ত তথ্য গায়েব করে দেওয়া।
আদালতে তার জবানবন্দির শেষের দিকে সে জেএমবির কর্মকান্ডে বিভ্রান্ত হয়ে অংশগ্রহণের জন্যে অনুতপ্ত ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করে।
সুমনকে পুলিশ ১৪ মার্চ রাতে নকলা উপজেলার গৌড়দ্বার এলাকা থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সে ১৭ আগস্ট শেরপুরে সিরিজ বোমা হামলা মামলার চার্জশীটভূক্ত প্রধান আসামী। মামলাটি গোয়েন্দা পুলিশ তদন্ত করেছে।
কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্যে দিয়ে বুধবার দুপুরে তাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে বিশেষ ব্যাবস্থায় তাকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।
এদিকে পুলিশ তাকে নিয়ে সাংবাদিকদের সাথে লুকোচুরি করছে বলে জানা গেছে। তাকে সাংবাদিকদের মুখোমুখী হতে দেওয়া হচ্ছে না।
