২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিশৃঙ্খলা

বিদ্যুতের দাবিতে মঙ্গলবার সাতক্ষীরায় পিডিবি অফিস ভাংচুর হয়েছে। এরআগে সোমবার চাঁপাইনবাবগঞ্জে বিক্ষুব্ধ কৃষকরা এমপি মঞ্জুরকে ঘেরাও করে রাখে। 

সাতক্ষীরা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সাতক্ষীরা প্রতিনিধি জানায়, বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে বিক্ষুদ্ধ জনতা পিডিবি অফিস ভাংচুর করে।

পূর্ব নির্ধারিত কোন কর্মসূচি ছাড়াই আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে পিডিবি অফিসে আসে। তাদের সাথে যোগ দেয় কুষ্টিয়ার সাধারণ বিক্ষুব্ধ জনতা। এসময় তারা বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র ভাংচুর, মূল ভবনের নীচতলার গ্লাস ভাংচুরসহ সাতক্ষীরার আবাসিক প্রকৌশলীর (নির্বাহী) কক্ষে ঢুকে টেবিল ভাংচুরসহ কাগজপত্র তছনছ করে।

এ ব্যাপারে সাতক্ষীরায় বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে সেটি এখনো মামলা হিসেবে রেকর্ড হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, ইরি ক্ষেতে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোমবার সন্ধ্যায় বিক্ষুদ্ধ কৃষকরা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সরকার দলীয় এমপি সৈয়দ মঞ্জুর হোসেনকে আধা ঘন্টা অবরোধ করে রাখে।

বিদ্যুতের অভাবে সেচ দিতে না পাড়ায় বরেন্দ্র অঞ্চলের শত শত বিঘা জমির ধান নষ্ট হয়ে যেতে বসেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ইরি-বোরো মৌসুমে বিদ্যুতের চাহিদা ৬০ মেগাওয়াট হলেও মাত্র ৩০/৩২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়া যাচ্ছেনা।

আবাদী জমিতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবিতে কৃষকরা স্থানীয় এমপিকে ঘেরাও করে রাখে। পরে তিনি অতি দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নের আশ্বাস দিলে কৃষকরা তাকে ছেড়ে দেয়।