বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বুধবার টেলিভিশন বিতর্কের আয়োজন করবে বিবিসি
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) বুধবার বাংলাদেশের ৩৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে ঢাকাকে একটি অভূতপূর্ব সুযোগ করে দিতে যাচ্ছে।
গণতন্ত্র নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও এর মধ্যে দিয়ে সুশাসন নিয়ে বিতর্ক উৎসাহিত করতে ঢাকা ও লন্ডনে অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। বিবিসি ওয়ার্ল্ডের জনপ্রিয় টকশো হার্ডটকের উপস্থাপক স্টিফেন সাকুর ঢাকায় ও বিবিসি ওয়ার্ল্ডের উপস্থাপিকা নিশা পিল্লাই লন্ডনে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করবেন।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে স্টিফেন সাকুর বলেন, বাংলাদেশ গণতন্ত্রের সন্ধিক্ষণে অবস্থান করায় দেশ হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ৩৫ বছর ধরে গণতন্ত্রর চর্চা করছে। রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড ও সামরিক শাসনসহ অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রকে পথ চলতে হয়েছে।
বাংলাদেশের বহুল আলোচিত পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে স্টিফেন সাকুর জানান।
ক্ষমতাসীন সরকারের যোগাযোগমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহসভাপতি নাজমুল হুদা, সংসদে বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এমপি এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদকে নিয়ে ঢাকার অনুষ্ঠানের প্যানেল গঠিত হবে। অপরদিকে লন্ডনের প্যানেল গঠিত হবে হাউজ অব লর্ডসে বাংলাদেশের প্রথম প্রতিনিধি বারোনিস উদ্দিন ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম নিয়ে।
বাংলাদেশের যুবসমাজ ও লন্ডনে প্রবাসী বাংলাদেশী সম্প্রদায়ের লোকজন অনুষ্ঠানে দর্শক--শ্রোতা হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে তারা প্রশ্ন করতে পারবেন, এমনকি মুক্ত আলোচনায় অংশগ্রহণও করতে পারবেন।
বুধবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলেও বিবিসি ওয়ার্ল্ড টেলিভিশন ৮ ও ৯ এপ্রিল তা সম্প্রচার করবে। আর বিবিসি রেডিও ইংরেজিতে অনুষ্ঠানটি প্রচার করবে ৯ এপ্রিল। এছাড়া বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ৮, ৯, ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠানটি সম্প্রচার করবে।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের ‘বাংলাদেশ সংলাপের’ ধারাবাহিক হিসেবে অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে।
আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের (ডিএফআইডি) সহযোগিতা ও অর্থায়নে অনুষ্ঠানটি নির্মাণ ও সম্প্রচার করা হচ্ছে।
