সাংবাদিক গোফরান আহমেদের ইন্তেকাল
বর্ষীয়ান সাংবাদিক ও ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টের নির্বাহী সম্পাদক আব্দুল গোফরান আহমেদ সোমবার রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, অসংখ্য গুনগ্রাহী এবং শুভাকাংখী রেখে গেছেন। ফেণী জেলার ছাগলনাইয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এমএ ডিগ্রিধারী আবদুল গোফরান ১৯৬৫ সালে তৎকালীণ পাকিস্তান অবজারভারে তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি বিভিন্ন দায়িত্বে দেশের বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন। ৩৭ বছরের ক্যারিয়ার শেষে গত বছর তিনি ইন্ডিপেন্ডেন্ট থেকে অবসর গ্রহণ করেন।
ইন্ডিপেন্ডেন্ট তিনি কাজ শুরু করেন ২০০৪ সালের জানুয়ারিতে নির্বাহী সম্পাদক কাম বার্তা সম্পাদক হিসেবে।
রোববার মধ্যরাত পর্যন্ত তিনি কাজ করছিলেন। এক পর্যায়ে তিনি কিছুটা অসুস্থ্য অনুভব করলে তিনি সিদ্ধেশ্বরীতে নিজ বাসগৃহে চলে যান।
সোমবার তার অবস্থা আরো খারাপ হতে থাকলে তাকে বারডেম হাসপাতালে ভর্ত্তি করা হয়। রাত আট টায় ইন্তেকাল করেন তিনি।
বারডেম হাসপাতাল হিমাগারে তার মৃতদেহ রাখা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
