বগুড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ৬, আহত ৫
বগুড়া শহরতলির বাঘোপাড়া এলাকায় সোমবার দুপুরে ঢাকাগামী একটি কোচের চাকায় পিষ্ট হয়ে ৬ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শত শত যানবাহন আটকা পড়লে মানুষ চরম দূর্ভোগে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী আল-আমিন পরিবহনের একটি কোচ (ঢাকা-মেট্রো-জ-৫৪৮৯) বেলা পৌণে ১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় পৌঁছলে পথচারী মজিবরকে বাঁচাতে গিয়ে অপর পথচারী লিলিকে পিষ্ট করার পর মহাস্থানগামী একটি টেম্পুকে (বগুড়া-ফ-১১-০৪৭৬) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লিলি ও কোচের নিচে চাপা পড়ে টেম্পুর চালকসহ ৫ নিহত হন। গুরুতর আহত একজন পরে হাসপাতালে মারা যায়।
নিহতরা হচ্ছেÑবগুড়া সদরের চাঁনপুর গ্রামের শ্রী ঘুরুর স্ত্রী লিলি (৪০), গোকুলের শামসুল ইসলামের মেয়ে গোকুল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীনি সানিয়া আকতার সম্পা (১৬), টেম্পু চালক পলাশবাড়ি গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক (২৮), গাবতলী উপজেলার সাহাপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সরকারি আযিযুল হক কলেজের একাদশ মানবিকের ছাত্র রাশেদুজ্জামান বেলাল (১৯), শিবগঞ্জের মজিবর রহমান (৮০) ও অজ্ঞাত পরিচয় পুরুষ (৫০)।
আহতদের মধ্যে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের কর্মচারী গোকুলের রহিমা আক্তার (২৪) ও বাঘোপাড়ার মোজাম্মেল হকের মেয়ে আদুরি (২৫), তেলিহারার ফজলারের ছেলে সাইফুল (২২) এবং আশোকোলা গ্রামের হামেদ আলীর ছেলে স্কুল ছাত্র রনিকে (১৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার প্রতিবাদে এলাকাবাসী লাঠি হাতে বিক্ষোভ মিছিল বের করে এবং মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে বেলা পৌণে ৪টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। পুলিশ কোচটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।
