চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের দাবিতে লাঠি মিছিল, এমপির বাড়ি ঘেরাও
চাঁপাইনবাবঞ্জ জেলার পল্লী বিদ্যুতের দাবিতে শত শত কৃষক সোমবার সকালে লাঠি মিছিল করে স্থানীয় এমপি হারুনুর রশিদের বাড়ি ঘেরাও করে। এ সময় এমপির বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, পালসা, গোবরাতলা, বালিয়াডাঙ্গা -- এই তিনটি ইউনিয়নের শত শত কৃষক সকাল ৯টার দিকে সমবেতভাবে লাঠি মিছিল বের করে। প্রখর রোদের ভেতর তারা প্রায় ১০ কিলোমিটার পথ হেঁটে জেলা সদরে স্থানীয় এমপি হারুনুর রশিদের বাড়ি ঘেরাও করে।
এক পর্যায়ে এমপি বাসা থেকে বের হয়ে এসে কৃষক নেতা মনির উদ্দৌলা চৌধুরীসহ অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলেন। এমপির আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রায় আধঘন্টা পর কৃষকরা সেখান অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে।
পরে তারা মিছিল নিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফেরদৌস আলমের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। স্মারকলিপির একটি কপি এমপিকেও দেওয়া হয়।
ভুক্তভোগি কৃষকরা জানিয়েছেন, বিদ্যুত সংকটের কারণে বেশ কিছুদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি উপজেলায় আবাদকৃত ইরি -- বোরো ধান উৎপাদন মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রায় ৫৬ হাজার ৮০৩ হেক্টর জমিতে ইরি -- বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু বিদ্যুতের কারণে সেচ দিতে না পারায় লক্ষ্যমাত্রার অধিকাংশ জমিতেই চাষাবাদ হয়নি।
সদর উপজেলার গোবরাতলার ইউপির সজ্জন গ্রামের সুরত আলীর ছেলে জামাল বিডিনিউজকে বলেন, তিন দিন ধরে গভীর নলকূপেও পানি পাচ্ছি না। ধানের জমি শুকিয়ে গেছে।
তিনি জানান, এবার তারা তিন বিঘা জমি আবাদ করেছেন। অভাবের তাড়নায় চার মন ধানের বিনিময়ে এক হাজার টাকা ধার করেছিলেন। ধান উঠলে ওই চার মন ধান শোধ করতে হবে। কিন্তু এখন আবাদের অবস্থা দেখে তিনি দিশেহারা বোধ করছেন।
মুন্সেফপুর গোবরাতলার কৃষক ইসমাইল বিডিনিউজকে জানান, একটি স্থানীয় এনজিও’র কাছ থেকে টাকা ধার নিয়ে আট বিঘা জমি আবাদ করতে তার খরচ হয়েছে ২০ হাজার টাকা। এখন ওই টাকা উঠে আসবে কি না -- সেটাই তার চিন্তা।
গোবরাতলার ঘাটকুল মাঠের গভীর নলকূপের পরিচালক জালাল বিডিনিউজকে বলেন, প্রায় এক হাজার ১০০ বিঘা জমি হরিরামপুর হাল্কা সেচ প্রকল্পের অধীন। কিন্তু এখন পানির অভাবে চাষাবাদ হয়েছে মাত্র ৫০০ বিঘা জমিতে। এই ৫০০ বিঘা জমির ধানও বাঁচানো কষ্টকর হয়ে গেছে।
এদিকে বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার পল্লী বিদ্যুত বিভাগের লোডশেডিং এখন ভয়াবহ রূপ ধারণ করায় ইরো -- বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা আদৌ পূরণ হবে কি না, এ প্রশ্ন দেখা দিয়েছে।
