ভোলার বোরহানউদ্দিনে ডাকাতি, ২জন গুলিবিদ্ধসহ আহত ১৫
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামে রোববার ভোর রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদের গুলি ও বোমায় দুইজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০/২৫ জনের একদল ডাকাত রোববার ভোর রাত ২টার দিকে কাচিয়া গ্রামের সিরাজ হাওলাদার ও শাহীন রেজা চৌধুরীর বাড়িতে হানা দেয়। ডাকাতি শেষ করে চলে যাওয়ার সময় এলাকাবাসী ডাকাতদের ঘিরে ফেলে। এসময় শসস্ত্র ডাকাতদল গুলি করে ও বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়।
ডাকাতদের গুলিতে সিদ্দিক (১৮) ও রোমান (২০) নামে দুজন গুলিবিদ্ধ হয়।
এছাড়া বোমা হামলায় আরো ১৩ জন আহত হয়।
আহতদের বোরাহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাতরা ওই দুই বাড়ি থেকে নগদ দুই লাখ ত্রিশ হাজার টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে।
