২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ, দিনাজপুর ও ঢাকায় দুর্ঘটনাসহ ৭ জনের অপমৃত্যু

সিরাজগঞ্জ,দিনাজপুর ও ঢাকায় পৃথক দুর্ঘটনাসহ শনিবার সাতজনের অপমৃত্যু ঘটেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2006, 08:25 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিডিনউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার দুপুরে জেলার উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামের রুহুল প্রামাণিকের কন্যা ৫ম শ্রেণীর ছাত্রী  রুবিনা খাতুন বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ পাওয়া যায়নি।

একই উপজেলার শিবপুর গ্রামে শনিবার দুপুরে আবু বকরের আট বছরের শিশু রঞ্জু বাড়ির পাশে শ্যালো টিউবওয়েলের পানিতে গোসল করতে গিয়ে শ্যালোর সাথে সংযুক্ত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।

জেলার অপর ঘটনাটি ঘটেছে শহরের মালপাড়া এলাকায়। এলাকার মোজাম্মেল হক মাস্টারের বাড়িতে গৃহপরিচারিকা রুবি (১৭) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। তবে এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড, এ নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর--ফুলবাড়ি মহাসড়কে ফুলবাড়ি জয়নগর শর্মিলী পেট্রোল পাম্পের কাছে অজ্ঞাত দু’ব্যক্তিসহ তিনজনের লাশ উদ্ধার করেছে ফুলবাড়ি থানা পুলিশ।

ফুলবাড়ি থানার ওসি জানান, দুস্কৃতকারীরা তাদের গলায় গামছা লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

দিনাজপুরের অপর দুর্ঘটনাটি ঘটেছে বাস--ট্রাক সংঘর্ষে। জানা যায়, দিনাজপুরগামী রেখা এক্সক্লুসিভ কোচ (ঢাকা মেট্রো: ব--১১--১০৬১) টাংগাইলের মির্জাপুরে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে ওমেলা বেগম (৩৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়। ওই অবস্থায় কোচটি তাকে নিয়ে দিনাজপুর অভিমুখে যাত্রা করে। ফুলবাড়ি থানার কাছে পুলিশ বাসটি আটক করে ওমেলার মৃতদেহ উদ্ধার করে।

কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জ থানার পুলিশ শনিবার সকাল সাড়ে ৯টায় হাসনাবাদ এলাকা থেকে জবাই করা এক যুবকের লাশ উদ্ধার করেছে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারডোবা হাই স্কুলের পেছনে জবাই করা অবস্থায় এক অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।