সরেজমিন: বাগেরহাটে প্রথম জঙ্গী প্রশিক্ষণ পরিচালনাকারী সেই মাদ্রাসা থেকে এখনো জিহাদী দাওয়াত পাচ্ছে গ্রামবাসী
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সীমান্তে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চরমপন্থী অধ্যুষিত দুর্গম এলাকা ব্রাক্ষ্মণডাঙ্গায় ‘আহলে হাদিস জামে মসজিদ ও সালাফিয়া মাদ্রাসা’র ওজুখানার উপরের পানির ট্যাঙ্কে বড় করে লেখা, ‘মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ’।
ওই এলাকা পরিদর্শনে গেলে আহলে হাদিস যুব সংঘের নামে প্রচারিত জিহাদী দাওয়াত লেখা ওজুখানার পানির ট্যাঙ্কটি নজর কাড়ে।
জানা যায়, ব্রাক্ষ্মণডাঙ্গার এই মাদ্রাসাটি এ অঞ্চলের নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) ও জাগ্রত মুসলিম জনতার (জেএমজেবি) প্রথম জঙ্গী প্রশিক্ষণ কেন্দ্র। খুলনায় ১৭ আগস্ট বোমা হামলার নেতৃত্ব প্রদানকারী মোল্লাহাটের জঙ্গি কিশোর শহিদুল¬াহ ছিল এই মাদ্রাসারই ছাত্র।
সরেজমিনে দেখা গেছে, দুর্গম এলাকাটি চরমপন্থী আর জঙ্গীবাদী অধ্যুষিত। এখানেই দুই বছর আগে প্রকাশ্য দিনের বেলায় দুই পুলিশকে হত্যা করে মোটর সাইকেলসহ নদীতে ভাসিয়ে দিয়েছিল চরমপন্থীরা। খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন এবং বাগেরহাটের মোল্ল¬াহাট উপজেলার গাংনী ইউনিয়নের সীমান্তে প্রায় জনমানবশূন্য নদী তীরের নিচু এলাকায় নির্মিত চকচকে পাকা এই মসজিদটি নির্মিত হয়েছে ১৯৯৭ সালে, মাদ্রাসাটি আরো দু’বছর আগে।
মসজিদের বারান্দায় স্থাপিত পাথরের ফলকে লেখা রয়েছে, ঢাকার তৌহিদী ট্রাস্টের সৌজন্যে ‘রিভাইভ্যাল অব ইসলামী হেরিটেজ সোসাইটি’ বাংলাদেশ অফিস মসজিদটি নির্মাণ করেছে। স্থানীয়রা এই প্রতিষ্ঠনটি নিয়ে কথা বলতে চান না। তবে জানা গেছে, শুরু থেকেই জেএমবির তাত্ত্বিক নেতা ডা. আব্দুল¬াহ গালীব আর দ্বিতীয় প্রধান সিদ্দিকুল ইসলাম বাংলাভাইয়ের যাতায়াত ছিল এখানে। ২০০২ সালের আগস্টে বাংলাভাই এই মাদ্রাসা হয়ে বিলের মধ্য দিয়ে নৌপথে মোল্ল¬াহাটে আসে।
মোল্লাহাট উপজেলায় জেএমবির শক্তিশালী ঘাঁটি গাওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল কবীর ও বর্তমান চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম জানান, ব্রাক্ষ্মণডাঙ্গার এই মসজিদ ও মাদ্রাসাকে কেন্দ্র করে এতদাঞ্চলে প্রথম জঙ্গী প্রশিক্ষণ শুরু হয়। ক্রমে তা মোল্ল¬াহাটসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় প্রসারিত হয়।
এই মসজিদ ও মাদ্রাসার নাম ফলক এবং সাইনবোর্ডে ব্রাক্ষ্মণডাঙ্গার পাশাপাশি স্থানটির নাম ‘মোমেনডাঙ্গা’ উল্লে¬খ করা হয়েছে। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ‘মোমেনডাঙ্গা’ বলে সেখানে কোনো এলাকার নাম নেই। ‘ব্রাক্ষ্মণডাঙ্গা’ নামের হিন্দুয়ানী ঘোঁচাতে উগ্র ধর্মীয় চেতনা থেকে তারা এলাকার নামকরণ ‘মোমেনডাঙ্গা’ করার প্রচেষ্টা চালাচ্ছে।
সংশি¬ষ্ট বিভিন্ন সূত্র জানায়, ‘রিভাইভ্যাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটির’ অর্থায়নে বাগেরহাটে নির্মিত মসজিদ ও মাদ্রাসাকে কেন্দ্র করে জেলায় জঙ্গি তৎপরতা প্রসারিত হয়েছে। শুধুমাত্র মোল্ল¬াহাটেই এ সংগঠনের অর্থায়নে ১৪টি মসজিদ নির্মিত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া মোল্ল¬াহাটের সারুলিয়া, দ্বিগঙ্গা ও কুলিয়া রাজপাট এলাকায় অবস্থিত চারটি আহলে হাদিস যুব সংঘের সদস্যরা নেপথ্যে থেকে জঙ্গীদের সহযোগিতা করে আসছে। ড. গালিব গ্রেপ্তার হলে আহলে হাদিস যুব সংঘের নামে মোল্ল¬াহাটের কাহালপুর ও গাওলা এলাকায় মিছিল ও পোস্টারিং হয়েছিল।
সূত্র জানায়, মোল্লাহাটের বুড়ি গাংনি মাদ্রাসা, সারুলিয়া মাদ্রাসা, উদয়পুর মাদ্রাসা, চর কুলিয়া ও বড়ঘাট মাদ্রাসা, নতুন ঘোষগাঁতি সিনিয়র আলিয়া মাদ্রাসা, নসুখালি আহলে হাদিস মসজিদ প্রভৃতি প্রতিষ্ঠানকে ঘিরে গত প্রায় ১০ বছরে জেএমবি ও জেএমজেবির জঙ্গী তৎপরতা প্রসারিত হয়েছে। ১৭ আগস্টের পর বাগেরহাটে ধৃত জঙ্গীদের অনেকেই এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে পুলিশকে তথ্য দিয়েছে।
কিন্তু মোল্লাহাটে জেএমবির সাথে সম্পৃক্ত মসজিদ মাদ্রাসাতো দূরের কথা, উপজেলায় কতগুলো মসজিদ বা মাদ্রাসা আছে, তা স্থানীয় প্রশাসন জানে না বলে দাবি করেছেন সংশি¬ষ্ট কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলা রঞ্জন দাস বলেছেন, ‘এ কাজটি পরিসংখ্যান শাখা ও শিক্ষা শাখার। আমার কাছে কোন তথ্য নেই।’ মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিঞা বলেন, ‘জেলা পর্যায়ে খোঁজ নেন। থানায় এ সংক্রান্ত কোনো তথ্য নেই।’
