২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাম ঘোষণা ছাড়া রাবার ড্যাম নির্মাণে পঞ্চগড়ে শতাধিক একর বোরো ধান ক্ষেত পানির নিচে, চাষীদের বিক্ষোভ

স্থানীয় চাষীদের না জানিয়ে রাবার ড্যাম নির্মাণ কাজ শুরুর কারণে পঞ্চগড় সদর উপজেলার দুটি ইউনিয়নের শতাধিক একর বোরো ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও বাধ নির্মাণ কাজ শুরু করায় নদী থেকে পাথর উত্তোলন করতে না পারায় কয়েক হাজার পাথর শ্রমিক বেকার হয়ে পড়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 05:41 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ফসলি ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা বিক্ষুব্ধ কৃষকর ও শ্রমিকরা শুক্রবার প্রকল্প এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় চার কোটি টাকা ব্যয়ে ক’দিন আগে ওই এলাকার তালমা নদীতে এই বাধ নির্মাণ কাজ শুরু করে। সেচ সুবিধার জন্যে রাবার ড্যাম নির্মাণের কথা বলা হলেও বর্তমানে এটি কৃষকদের বড় ধরনের ক্সতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র জানায়, এলজিইডি’র অধীনে রাবার ড্যাম বাধ নির্মাণকারী ঠিকাদার কার্যাদেশ পেয়ে সপ্তাহ খানেক আগে পঞ্চগড় - টুনিরহাট সড়কের দক্ষিণ তালমা নামক এলাকার তালমা নদীতে বাধ নির্মাণ কাজ শুরু করে। পঞ্চগড় সদর উপজেলার সদর এবং হাফিজাবাদ ইউনিয়নের কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদানের জন্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয় অধিবাসীরা জানান, কাজ শুরুর আগে আগাম কোনো ঘোষণা দেওয়া হয়নি। তালমা ব্রিজের নিচে বালির বস্তা দিয়ে বাধ দেওয়ায় উজানে নদী ভরাট হয়ে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে এলাকার শতাধিক একর জমির বোরো ধানের ক্ষেতসহ বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে ডুবে যায়।

চানপাড়া গ্রামের মিজানুর রহমান জানান, আগাম ঘোষণা না দিয়ে বাধ নির্মাণ কাজ শুরু করায় উজানে নদীর পানি প্লাবিত হয়ে তার এক একর জমির বোরো ক্ষেত তলিয়ে গেছে। তিনি আরো জানান, আগাম ঘোষণা দিলে আমরা এসব জমিতে ধান রোপন করতাম না।

হালিমা নামের এক কৃষাণী জানান, ব্র্যাক থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি এক একর জমিতে বোরো ধান আবাদ করেন। গত ক’দিন ধরে তার ধান ক্ষেত পানিতে ডুবে আছে। ওই এলাকার এরকম শতাধিক ক্ষুদ্র কৃষক তাদের ফসলি ক্ষেত তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন।

বিক্ষুব্ধ এসব কৃষক কৃষাণী শুক্রবারের বিক্ষোভে অংশ নেন।

পঞ্চগড় পৌরসভা কমিশনার মো. বাহারাম আলী জানান, সাময়িক অসুবিধা হলেও রাবার ড্যামটি এ এলাকার অনেক উপকারে আসবে। তবে আগাম ঘোষণা দিলে এ সমস্যার সৃষ্টি হত না।

মতিয়ার রহমান নামে একজন পাথর ব্যবসায়ী জানান, বালির বস্তা দিয়ে বাধ তৈরি করায় উজানে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। এ কারণে এ এলাকার কয়েকশ’ পাথর শ্রমিক পাথর তুলতে না পেরে বেকার হয়ে পড়েছে।

এ ব্যাপারে রাবার ড্যাম প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম জানান, ঠিকাদার মাত্র ৫/৬ দিন আগে কার্যাদেশ পাওয়ায় কাজ শুরুর আগে আগাম কোনো ঘোষণা দিতে পারেনি। তিনি সমস্যা সমাধানের জন্যে বিকল্প ক্যানেল নির্মাণ করে পানি অপসারণের কাজ শুরু হয়েছে বলে দাবি করেন।

তবে স্থানীয় অধিবাসীদের অভিযোগ নির্মিয়মান ক্যানেল দিয়ে পানি অপসারণ করলে খুব বেশি হলে এক ফুট পানি নেমে যেতে পারে। এতে ফসলি জমি থেকে পানি সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই।