মৌলবাদি জঙ্গি তৎপরতায় বিপন্ন জাতীয় পতাকার মর্যাদা: পতাকা সমাবেশে বক্তারা
স্বাধীনতার ৩৫ বছর পর মৌলবাদিরা আবার রাষ্ট্রের ক্ষমতা দখলের চূড়ান্ত পায়তারা করছে। তাদের সর্বশেষ হিংস্র সংযোজন জঙ্গি তৎপরতা ও বোমাবাজির ফলে বিপন্ন হয়ে পড়েছে সম্প্রীতি আর প্রগতি, সংকটাপন্ন হয়ে পড়েছে রক্তে অর্জিত জাতীয় পতাকার মর্যাদা।
রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় পতাকা সমাবেশে বক্তারা এ কথা বলেন। নাগরিক সংগঠন বিক্ষুদ্ধ দেশবাসী কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি আয়োজন করে।
’৭১-এর পরাজিত শক্ররাই আজকের বোমাবাজ, এদেরকে আমাদের রুখতে হবে এখনই-- এই শ্লোগানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন হেনা দাস। বক্তব্য রাখেন-- কামাল লোহানী, সেলিনা হোসেন, সুলতানা কামাল, হায়াৎ মামুদ, কাইউম চৌধুরী, রফিকুন নবী, অধ্যাপক আবুল বারকাত, অধ্যাপক আনু মুহাম্মদ এবং খুশি কবির। এসময় দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া ২৩টি জেলা থেকে আগত বিপুল সংখ্যক মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নেত্রকোণায় জেএমবি’র বোমা হামলায় আহত উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ভূইয়া তার অভিজ্ঞতা বর্ণনা করেন। জঙ্গিদের বিভিন্ন বোমা হামলায় নিহতদের পরিবারের সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ’৭১ এ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ের মাধ্যমে এদেশের মানুষ অর্জন করে হাজার বছরের শ্র্ষ্ঠে সম্পদ স্বাধীনতা । সেদিন পরাজিত হয়েছিল ধর্মভিক্তিক জাতীয়তায় বিশ্বাসী সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি। স্বাধীনতার পর থেকে ওই অপশক্তি নানা কুটকৌশলে জাতীয় রাজনীতি এবং অর্থনীতিতে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে।
সমাবেশে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সংহতি প্রকাশ করে-- বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, প্রাচ্যনাট, কিশোরগঞ্জ ছড়া পরিষদ এবং দেশ সাংস্কৃতিক সংগঠন।
