২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১৭ আগস্ট বোমা হামলার মামলা পুনঃ তদন্তের নির্দেশ, শায়খ রহমান ও বাংলা ভাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে

বগুড়ায় গত ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার পর দায়ের করা মামলার পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক। চার্জশিট দাখিলের পর এক আসামী ওই ঘটনায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দেওয়ায়  আদালত সোমবার এ নির্দেশ দেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 07:21 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

এছাড়া রাষ্ট্রপক্ষের কৌশলীদের আবেদনের প্রেক্ষিতে আলোচিত ওই মামলায় জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান ও সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার সকালে বগুড়ার ৪নং স্পেশাল ট্রাইব্যুনাল জজ কেজি মোস্তফার আদালতে পিপি একেএম সাইফুল ইসলাম ও এপিপি আসাদুজ্জামান মাখন আসামী আবু তাহেরকে চার্জশিটে অন্তর্ভূক্ত করতে মামলার পুনঃতদন্তের আবেদন করেন। এছাড়া এ মামলায় পলাতক আসামী শায়খ রহমান ও বাংলা ভাইকে গ্রেপ্তার দেখানোর আবেদনও করা হয়। আবেদনের প্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।

আগামী ৫ জুন মামলার পরবর্তী তারিখ ধার্য হয়েছে। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে সম্পূরক চার্জশীট দাখিল করবেন বলে এপিপি আসাদুজ্জামান মাখন জানিয়েছেন।

১৭ আগস্ট বুধবার বেলা ১১টা ৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে শহরে ব্যস্ততম সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কোয়ার, ডিসি অফিসের সামনে, এসপি অফিসের পেছনে, জজকোর্টের সামনেসহ ১০ স্থানে বোমা বিস্ফোরিত হয়।

এ ব্যাপারে সদর থানা পুলিশ মামলা দায়ের করার পর মামলটি তদন্তের জন্যে ডিবিতে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ডিবির ওসি মতিউর রহমান গত বছরের ৯ নভেম্বর শায়খ আবদুর রহমান, বাংলা ভাই, বগুড়ার গাবতলীর আবদুর রাজ্জাক ওরফে হাসান, চাঁপাইনবাবগঞ্জের ওয়ালীউল্লাহ ওরফে আবদুল হামিদ, গোলাম কিবরিয়া ওরফে টাইগার ওরফে ইউসুফ, মামুন - অর - রশিদ ওরফে ফারুকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এদের মধ্যে শুধু আবদুর রাজ্জাক জেল হাজতে রয়েছে, অন্যরা সবাই পলাতক।

অন্যদিকে র‌্যাব - ৫ সদস্যরা গত ২৬ ফেব্র“য়ারি রাত সাড়ে ১১টার দিকে সদর থানার গোকুল বাজার থেকে জেএমবি’র সোনাতলা থানা কমান্ডার ও ১৭ আগস্ট শহরতলির চারমাথায় বোমা হামলাকারী এহসার সদস্য সিরাজুল ইসলাম ওরফে বানু ওরফে আবু তাহেরকে (১৮) গ্রেপ্তার করে। পুলিশে সোপর্দ করার পর সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।