রাজশাহীতে হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন
রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সোমবার দিনাজপুরের বীরগঞ্জ থানার সাইদুর রহমান হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
ট্রাইব্যুনালের বিচারক এএফএম আমিনুল ইসলাম সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে বীরগঞ্জ থানার প্রাণনগর গ্রামের আ. হামিদ, ইব্রাহিম, মফিজ ও ওমর আলী। অপর সাত আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
২০০৪ সালের ২৭ আগস্ট বীরগঞ্জের সাতোর গ্রামের সাইদুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে তার ছেলে বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করলে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সোমবার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
