ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার হওয়া ২ জেএমবি সদস্যের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ব্রাহ্মণবাড়িয়ায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার হওয়া চার জেএমবি সদস্যের মধ্যে দু'জন শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এসময় তারা ১৭ আগস্ট জেলায় বোমা হামলার কথা স্বীকার করে।
দুপুর ১টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে জেএমবি সদস্য আলমগীর ও সোহেলকে আদালতে নিয়ে আসা হয়।
সংশ্লিষ্ট সুত্র জানায়, পাঁচ দিনের রিমান্ডে আনা চারজনের মধ্যে আলমগীর ও সোহেল রিমান্ডের দ্বিতীয় দিনে শনিবার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ১৭ আগস্ট ব্রাহ্মণবাডিয়ায় বোমা হামলার কথা স্বীকার করে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আগামী ১৫ দিনের মধ্যে সম্পূরক চার্জশিট দেওয়া হবে।
এদিকে দুপুরে ১৭ আগস্টে আদালত পাড়ায় বোমা বিস্ফোরনস্থল সনাক্ত করতে জেএমবি সদস্য সুমনকে আদালত পাড়ায় নিয়ে আসলে সুমন অসুস্থ হয়ে পড়ে। অপরদিকে আরাফাত ১৬৪ ধারায় জবানবন্দি দিতে অস্বীর্কতি জানায়। ফলে উক্ত দুই জেএমবির ১৬৪ ধারায় জবানবব্দি রেকর্ড সম্ভব হয়নি।
শীর্ষ জঙ্গি নেতা শূরা সদস্য, সালাউদ্দিনকে গ্রেপ্তারে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালাতে গিয়ে গ্রেপ্তারকৃত জেএমবির দুই সদস্য আলমগীর ও সোহেল ১৬৪ ধারয় জবানবন্দিতে নেটওয়ার্ক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। গ্রেপ্তারকৃত চার জেএমবি সদস্যকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে শুক্রবার থেকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্যে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবদুল কুদ্দুস আমিনের নেতৃত্বে আট সদস্যের একটি ইন্টারোগেশন সেল গঠন করা হয়। । ১৭ আগস্টের বোমা বিস্ফোরণ মামলায় পাঁচ দিনের রিমান্ডের দ্বিতীয় দিনেই ইন্টারগেশন সেল দুই জেএমবির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়াতে সক্ষম হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ১৬৪ ধারায় জবানবন্দিতে দুই জেএমবি সদস্য জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ আগস্টের বোমা হামলার তিন দিন আগেই বোমাগুলো ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌঁছায়। হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার জেএমবি নেতা মনির ঢাকার কাদের নামের এক যুবকের মাধ্যমে মিষ্টির প্যাকেটে করে বোমাগুলো ব্রাহ্মণবাড়িয়ায় পাঠায়। বোমাগুলো এনে কাদের আলমগীরের কাছে পৌঁছে দেয়। ১৭ আগস্টের বোমা বিস্ফোরণের আগে ব্রাহ্মণবাড়িয়ার জেএমবির সদস্যরা শহরের ঈদগাহ মাঠে ও টিভি সেন্টারের পেছনে বৈঠকে বসে। বৈঠকে জেএমবি নেতা হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার মনির উপস্থিত ছিল।
বৈঠকে মনির কখন, কোথায়, কীভাবে বোমা বিস্ফোরণ ঘটানো হবে, এ বিষয়ে পরিকল্পনা করে দেয়। এ সময় মনির তাদের আশ্বস্ত করে, বিস্ফোরিত বোমায় কারো কোনো ক্ষয়ক্ষতি হবে না। শুধুমাত্র বিকট শব্দ ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে এলাকাটি। বৈঠকে জেএমবির ১১ জন সদস্য উপস্থিত ছিল। প্রতি বোমা বিস্ফোরণের জন্যে জন প্রতি ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়। পরবর্তীতে কয়েকজন টাকা না পেলে বোমা বিস্ফোরণের খবর প্রকাশ করে দেওয়ার ভয় দেখালে গ্রেপ্তারকৃত সাব্বির আহমেদ দুলাল ঢাকা থেকে তার চাচাতো ভাই সামসুল হকের কাছ থেকে ৭০ হাজার টাকা এনে দেয়। সাব্বির টাকা এনে কাজীপাড়ায় এক নেতার বাড়িতে রাত্রী যাপন করে।এদিকে সাব্বিরকে শ্যোন এরেস্ট করার জন্যে ব্রাহ্মণবড়িয়া পুলিশ রোববার আদালতেব অনুমতি প্রার্থনা করবে।
