লালমনিরহাটে গ্রাম থেকে শক্তিশালী তাজা বোমা উদ্ধার
লালমনিরহাট সদর উপজেলার কাজির চওড়া গ্রাম থেকে শনিবার সকালে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে।
সদর থানা পুলিশ ও এলাকাবাসীরা জানায়, উপজেলার মহেন্দ্রনগর বাজারের দক্ষিণে কাজির চওড়া গ্রামের কৃষক মো. তাহের আলী নিজ জমিতে মাটি কাটার সময় এ বোমার সন্ধান পায়। এ ব্যাপারে পুলিশকে খবর দিলে এসআই ফরিদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ বোমাটি থানায় নিয়ে গেছে। বোমাটির ওজন প্রায় ছয় কেজি। এটির দৈর্ঘ্য ১২ ইঞ্চি এবং প্রস্থ ছয় ইঞ্চি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন বিডিনিউজকে জানান, বোমাটি বিমান থেকে নির্দিষ্ট বস্তুতে নিক্ষেপণযোগ্য উন্নতমানের ‘এয়ারকার্ট’ বোমা। এটি দিয়ে বহুতলবিশিষ্ট ভবনের মতো স্থাপনা ধ্বংস করা সম্ভব।
এ ব্যাপারে লালমনিরহাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
