যশোরে বিষ প্রয়োগে কয়েকশ’ পাখি হত্যা
যশোর সদরের আড়পাড়া গ্রামের মাঠে বুধবার সকালে বিষ প্রয়োগে প্রায় পাঁচশতাধিক কবুতরসহ প্রায় সাতশ’ পাখি হত্যা করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, বড় বালিয়াডাঙ্গা গ্রামের আজিবর তরফদারের ছেলে মনি তরফদার আড়পাড়া মাঠে তার জমিতে মসুর ডালের চাষ করে। কবুতরসহ অন্যান্য পাখি তার মসুরির ক্ষতি করেছে বলে সে প্রতিশোধ নিতে মসুরি কাটার পর বিষ মেশানো ধান ছিটিয়ে রাখে। বুধবার সকালে এলাকাবাসী জমিতে কবুতর ও অন্যান্য পাখির মৃতদেহ দেখতে পান। মৃত পাখি খেয়ে শিয়াল ও বেজিসহ বেশ কিছু বন্যপ্রাণীও মারা গেছে।
এঘটনায় আড়পাড়া, হাশিমপুর, শাহপুর, ছোট বালিয়াডাঙ্গা পাঁচবাড়িয়া গ্রামের লোকেরা বিক্ষোভ করে।
স্থানীয় ইউপি সদস্য ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে মনি তরফদারের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
