রহমানের স্বীকারোক্তি: স্পর্শকাতর তথ্যে জোট সরকারে তোলপাড়। সবুজ সংকেত না পাওয়ায় গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থা
তথাকথিত জেহাদের নামে একসময় যে কট্টরপন্থী ইসলামী জঙ্গি নেতা দেশের প্রত্যন্ত অঞ্চল চষে বেড়িয়েছেন দোর্দন্ড দাপটে, সেই দূর্ধর্ষ জঙ্গি, জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান টিএফআই (টাস্কফোর্স ইন্টেলিজেন্স) এর জেরার মুখে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙ্গে পড়েছেন।
এই বিপর্যস্ত মানসিক অবস্থায়, এখন তিনি অকপটে বর্ণনা করছেন তার নিষিদ্ধ জঙ্গি সংগঠনের আদ্যপান্ত। এমনকি নিজ পুত্রের গোপন আস্তানার সন্ধান দিতেও দ্বিধা করেননি তথাকথিত এই জেহাদী।
র্যাব সূত্র জানায়, ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর প্রধান শায়খ আবদুর রহমান আত্মসমর্পণের পর জিজ্ঞাসাবাদের প্রথম পর্বে তার দলের যাবতীয় তথ্য দিয়েছেন টিএফআই সদস্যদের।
গত ১২ মার্চ দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে যাচাই করে দেখা হচ্ছে শায়খ রহমানের দেওয়া তথ্যগুলো। যদিও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রহমানের দেয়া কোন তথ্যই এখনও প্রকাশ করা হয়নি।
জিজ্ঞাসাবাদের প্রথম পর্বে শায়খ আবদুর রহমান যেসব বিষয়ে তথ্য দিয়েছে ঃ
১. সংগঠনের জন্ম এবং দেশব্যাপী বিস্তার লাভ প্রক্রিয়া ।
২. বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও চরাঞ্চলে তার সশস্ত্র জঙ্গি প্রশিক্ষণ বিবরন।
৩. অর্থের উৎস।
৪. বিদেশী সন্ত্রাসবাদীদের সাথে জেএমবি’র সম্পৃক্ততা।
৫. দেশীয় প্রভাবশালী ও রাজনৈতিক গডফাদারদের নাম।
৬. বিদেশ থেকে যারা বিভিন্ন সময় জেএমবি’র সাথে লিঁয়াজো করেছে তাদের পরিচয়।
৭. নিষিদ্ধ ঘোষণা এবং পুরস্কার ঘোষণার পর পলাতক জীবনে সরকারী ও বিভিন্ন স্তরের যাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল।
৮. স্থানীয় মদদদাতা ও সহায়তাকারীদের বিবরণ।
৯. অতীতের বিভিন্ন বোমা হামলায় তাদের সম্পৃক্ততা এবং এসব বোমা হামলার নেপথ্যের মদদ ও সহায়তাকারীদের পরিচয় ।
র্যাব সূত্র জানায়, শায়খ আবদুর রহমানের অকপট স্বীকারোক্তি অত্যন্ত সুশৃঙ্খলভাবে টিএফআই এর ডাটাব্যাংকে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া স্বীকারোক্তির লিখিত কপি বিভিন্ন সংস্থা ও সরকারের উচ্চ মহলেও পাঠানো হচ্ছে।
সূত্র আরও জানায়, রহমানের স্বীকারোক্তিতে এমন কিছু স্পর্শকাতর তথ্য রয়েছে যাতে জোট সরকারের ভেতরে তোলপাড় শুরু হয়েছে। এমনকি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও বিব্রত বোধ করছেন।
শায়খ রহমান যেসব স্পর্শকাতর তথ্য দিয়েছে ঃ
১. প্রখ্যাত কথাসাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. হুমায়ুন আজাদকে হত্যার উদ্দেশ্যে হামলার দায়-দায়িত্ব এবং এর নেপথ্যে যারা ছিল তাদের পরিচয়।
২. ময়মনসিংহের চারটি সিনেমা হলে বোমা বিস্ফোরণ সংক্রান্ত তথ্য।
৩. সিলেট হযরত শাহজালাল (র) এর মাজারে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা সম্পর্কিত তথ্য
৪. সরকারী দলীয় কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ও একটি প্রভাবশালী ইসলামী দলের সাথে পলাতক জীবনে যোগাযোগ।
সূত্র জানায়, রাজশাহী বিভাগের বাগামারা, আত্রাই ও রানীনগরে সর্বহারা নিধনের নামে বাংলা ভাই বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে প্রশাসনের কর্তাব্যক্তি ও সরকারদলীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের সহায়তা ও মদদদানের বিষয়টিও অকপটে স্বীকার করেছেন শায়খ আবদুর রহমান। তার দেওয়া তথ্য অনুযায়ী ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নজরদারি জোরদার করেছে বলে একটি সূত্র জানায়। সন্দেহভাজন ওইসব লোকজনের গতিবিধি, ব্যাংক হিসাব ইত্যাদি সম্পর্কে সংগ্রহ করা হচ্ছে বিস্তারিত তথ্য।
তবে এই মুহুর্তেই ওইসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কি না সে বিষয়ে কোন ‘সবুজ সংকেত’ না পাওয়ায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
