র্যাবের গুলিতে জেএমবি নেতা নিহত, আত্মঘাতী বিস্ফোরণে স্ত্রী ও ২ সন্তান নিজেদের উড়িয়ে দেয়
কুমিল্লার বিষ্ণুপুরে সোমবার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর একজন গুরুত্বপূর্ণ নেতা র্যাবের গুলিতে নিহত হয়েছে। এসময় আত্মঘাতী বিস্ফেরণ ঘটিয়ে তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিজেদের উড়িয়ে দেয়।
নিহত ওই জেএমবি নেতা মোল্লা ওমর নিজের শরীরে বোমা বেধে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেও ব্যর্থ হয়। পরে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে গুরুতর আহত হয়।
আত্মঘাতী হামলার পর জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল গুরুতর আহত হয়।
আত্মঘাতী বিস্ফোরণে মোল্লা ওমরের স্ত্রী ও যথাক্রম ৩ ও ১ বছর বয়সী তার দুই শিশু সন্তান নিহত হয়। মোল্লা ওমরের স্ত্রীর মরদেহে ডিভাইস লক্ষ্য করা গেছে।
শায়খের ছেলে নাবিলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা আনা হয়। তার অপর সহযোগী আলমগীরকে অক্ষত অবস্থায় র্যাব সদস্যরা আটক করেছে।
বন্দুক যুদ্ধের সময় র্যাবের চার সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তারা হল- কনস্টেবল গোলাম নবী, জিসিও মাসুদুজ্জামান, কর্পোরাল জাকির এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সামসুজ্জামান।
মোল্লা ওমর সাকিল ওরফে সাগর নামে পরিচিত।
র্যাব সদস্যরা তাকে বার বার আত্মসমর্পন করার আহ্বান জানালেও সে র্যাবের আহ্বানে সাড়া দেয়নি।
এক প্রতিবেশীর বাড়ি থেকে মেজর জোহা মোল্লা ওমরকে ল্যান্ড ফোনে তাকে আত্মসমর্পন করতে বলে। কিন্তু সে তাতে রাজি হয়নি।
ওমর র্যাবকে উদ্দেশ্য করে বলে, আমি শায়খ রহমান নই এবং তার মত আমি আত্মসমর্পন করব না।
জেএমবি নেতা শায়খ রহমান কোনোরকম রক্তপাত ছাড়াই গত ২ মার্চ সিলেটে আত্মসমর্পন করে।
মোল্লা ওমর লুকিয়ে থাকা ওই বাড়ির ভিতর থেকে ১৫ রাউন্ড গুলি চালায়। এসময় তারা র্যাবকে উদ্দেশ্য করে কয়েকটি বোমাও বিস্ফোরণ ঘটায়। এতে ওই চার র্যাব সদস্য আহত হয়।
এসময় মোল্লা ওমর নিজের শরীরে বাধা বিস্ফোরক দিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে র্যাবের গুলিতে নিহত হয়।
বেলা ২টা ৪০ মিনিটে বিষ্ণুপুরের দুইতলার ওই বাড়িতে পর পর তিনটি বিস্ফোরণ হয়। তার দুই শিশু সন্তান সাঈদ (৩) এবং মীমের (১) শরীরের বিভিন্ন অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
মোল্লা ওমরের শরীরে দুটি বুলেট বিদ্ধ হয়।
শায়খের ছেলে নাবিল স্পিন্টার বিদ্ধ হয়েছে কিন্তু তার সহযোগী আলমগীর অক্ষত রয়ে যায়। ওই বাড়িটির মালিক সৌদি প্রবাসী মোহাম্মদ ইউনুসের।
ওই অভিযানে অংশ নেয়া একজন র্যাব কর্মকর্তা জানান, এটি খুবই ভয়ঙ্কর। আমরা জানি, একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে মারতে পারে। কিন্তু সে যে তার সন্তানদের এভাবে মেরে ফেলবে তা বিশ্বাস করতে পারিনি।
র্যাব কর্মকর্তারা জানান, তারা জেএমবি’র মজলিশ ই শূরার সদস্য খালেদ সাইফুল্ল¬াহ এবং সালাউদ্দিনকে ধরতে সোমবার ভোরে এই অভিযান শুরু করে।
অভিযানের শুরুতে বিষ্ণুপুরের রওশন ভিলা থেকে র্যাব সদস্যরা জেএমবি’র এহসার সদস্য আব্দুস মিন্টু তার স্ত্রী খালেদা আখতার রানী এবং তার দুই সন্তান- তালেব ও কোজামকে আটক করে।
তার স্বীকারোক্তি মোতাবেক র্যাব সদস্যরা জেএমবি’র জেলা কমান্ডার মোস্তাফিজুর রহমান সোহেল, আসাদুজ্জামান ও লিটনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চারটি গ্রেনেড, বিপুল পরিমাণ তার, ব্যাটারি, ডেটোনেটর গান পাউডার এবং বিস্ফোরক উদ্ধার করা হয়।
তারা স্বীকার করে যে, জেএমবি নেতারা বিষ্ণুপুরের খালিয়াজুরির ওই বাসায় অবস্থান করছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মোল্লা ওমর যে বাসায় লুকিয়ে রয়েছে র্যাব- ১, ৩, ৭ এবং ১০ সাকাল ৭টায় সে বাড়িটি ঘিরে ফেলে।
পরবর্তীতে র্যাব ‘জান্নাতুল শাফি’ থেকে উদ্ধারকৃত সাতটি ডেটোনেটর নিস্ক্রিয় করে।
