১৯৭৭ সালে ঢাকায় জাপানি বিমান ছিনতাই ঘটনা নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র
ঢাকা থেকে ১৯৭৭ সালে জাপানি রেড আর্মি (জেআরএ) জাপান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের ঘটনার ওপর প্রামাণ্যচিত্রের নির্মাণের মধ্য দিয়ে জাপান - বাংলাদেশ সম্পর্ক শিগগিরই নতুন মোড় নিতে যাচ্ছে।
জাপানের সর্ববৃহৎ প্রামাণ্যচিত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রধান পরিচালক নাও কিউবোতা তার প্রামাণ্যচিত্রের পটভূমির কাজ সম্পন্ন করতে এখন ঢাকায় অবস্থান করছেন।
বিডিনিউজের সাথে আলাপকালে কিউবোতা বলেন, বহু বাধা অতিক্রম করে জাপান কিভাবে আজকের উন্নয়ন অর্জন করেছে তা জাপানের নতুন প্রজন্মের তরুণ সমাজকে অবহিত করাই এ প্রামাণ্যচিত্র নির্মাণের লক্ষ্য। আর প্রয়োজনের সময় জাপান বাংলাদেশকে কিভাবে কাছে পেয়েছে তাও তরুণ সমাজকে জানানো তার উদ্দেশ্য।
বেঙ্গল টুরস লিমিটেডের নির্বাহী পরিচালক ও প্রামাণ্যচিত্র নির্মাণকারী দলের হয়ে সমন্বয়ের দায়িত্ব পালনকরা মাসুদ হোসেন বিডিনিউজকে বলেন, জাপানের সাবেক ভাইস মিনিস্টার ও বিমান ছিনতাইয়ের ঘটনার সময় যে সমঝোতা দলটি ঢাকা সফর করেছিল, সে দলের প্রধান হাজিমি ইশি মধ্য এপ্রিলে বাংলাদেশ সফর করবেন।
তিনি বলেন, ঢাকা বিমানবন্দরে সে সময় ছিনতাইকৃত বিমানটিকে পাহারা দেওয়ার দায়িত্বে নিয়োজিত থাকা বাংলাদেশ বিমান বাহিনীর ১১জন সদস্যকে এক অভ্যুত্থানের মাধ্যমে হত্যা করা হয়। হাজিমি ইশি তার ঢাকা সফরকালে নিহতদের পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন।
জাপানি রেড আর্মি ১৯৭৭ সালের ২৮ সেপ্টেম্বর জাপান এয়ারলাইন্স ফ্লাইট ৪৭২ বিমানটি ছিনতাই করে।
১৫৬ যাত্রী নিয়ে ডগলাস ডিসি- ৮ বিমানটি প্যারিস হয়ে টোকিওর হানিদা বিমানবন্দরে যাওয়ার পথে ভারতের মুম্বাইয়ে বিরতি দেয়। মুম্বাই থেকে যাত্রা করার কিছুক্ষণ পরেই জাপানি রেড আর্মির পাঁচ সশস্ত্র সদস্য অস্ত্রের মুখে বিমানটি ছিনতাই করে এবং ফ্লাইটের দিক পরিবর্তন করে বাংলাদেশের রাজধানী ঢাকায় নিয়ে আসার জন্যে চালককে নির্দেশ দেয়।
ঢাকায় পৌঁছার পর ছিনতাইকারীরা যাত্রী ও বিমান ক্রুদের জিম্মি করে। মুক্তিপণ হিসেবে তারা ছয় মিলিয়ন মার্কিন ডলার ও জাপান সরকারের হাতে আটককৃত নয় জেআরএ সদস্যের মুক্তি দাবি করে।
জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী তাকিও ফুকুদা ১৯৭৭ সালের ১ অক্টোবর ‘পৃথিবীর চেয়েও মানুষের জীবন বেশি গুরুত্বপূর্ণ’ এমন বিশ্বাসের ভিত্তিতে বিমান ছিনতাইকারীদের দাবি মেনে নেয়ার ঘোষণা দেন।
জাপান এয়ারলাইন্সের একটি ভাড়া করা বিমানে দাবিকৃত অর্থ ও আটককৃত নয় জেআরএ সদস্যের মধ্যে ছয়জনকে ঢাকা আনা হয়। এরপর ছিনতাইকারীরা তখন ১১৮ জন যাত্রী ও ক্রুদের মুক্তি দেয়।
৩ অক্টোবর ছিনতাইকারীরা বিমানটি কুয়েত সিটি ও দামাস্কাসে নিয়ে যায়। সেখানে তারা আরো ১১জন জিম্মিকে মুক্তি দেয়। সবশেষে তারা বিমানটি নিয়ে আলজেরিয়া যায়। আলজেরিয়া বিমান কর্তৃপক্ষ ছিনতাইকৃত বিমানটি আটক করে। এরপর বাকি জিম্মিদের মুক্ত করা হয়।
প্রয়োজনে সন্ত্রাসীদের ছাড় দেওয়ার ক্ষেত্রে জাপানের দৃষ্টিভঙ্গি অবশ্য পশ্চিমা বিশ্বের বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের চরিত্রের বিপরীত। অবশ্য ঢাকায় বিমান ছিনতাইয়ের ঘটনার পর জাপানের জাতীয় পুলিশ সংস্থা ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ করতে একটি বিশেষ দল গঠন করে।
