গাইবান্ধায় পাচারকালে ১৯৪ বস্তা সার আটক
ফুলছড়ি উপজেলার মদনে পাড়া ও সদর উপজেলার গিদারী ইউনিয়নে বুধবার ব্রক্ষ্মপুত্র নদের চিড়াকুটি ঘাটে পাচারকালে রিক্সা ও ভ্যান থেকে ১৯৪ বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে।
১৫টি ভ্যান বোঝাই ১১১ বস্তা ইউরিয়া সার ফুলছড়ি উপজেলার মদনে পাড়া হয়ে পাচার হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধায় জেলা সার মনিটরিং এর দায়িত্বে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাশেমের নির্দেশে প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম এর নেতৃত্বে এই সার আটক করা হয়।
পরে পৃথক ঘটনায় সদর উপজেলার গিদারী ইউনিয়নের চিড়াকুটি ঘাট থেকে ছয়টি রিক্সা ভ্যান বোঝাই ৮৩ বস্তা ইউরিয়া সার আটক করা হয়। আটককৃত সারগুলো ব্রক্ষ্মপুত্র নদে নৌকা যোগে জামালপুরসহ পার্শ্ববর্তী এলাকায় পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে আটক সারের মালিকের কোন সন্ধান পাওয়া যায়নি।
