লালমনিরহাটে ম্যাজিস্ট্রেটকে হত্যার হুমকি
লালমনিরহাট শহরের মিশনমোড়ে সোমবার প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আবু নাছেরকে জেলার শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান জুয়েল হত্যার হুমকি দিয়েছে।
এ ঘটনায় জুয়েলের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট নিজেই বাদী হয়ে মঙ্গলবার মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, লালমনিরহাট শহরের মিশনমোড়ে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহন চেক করতে ভ্রাম্যমান আদালত বসে। প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আবু নাছেরের দায়িত্বে সদর থানার এস আই কিরন ও ট্রাফিক সার্জন বাছেদসহ পুলিশ একটি দল এ আদালত পরিচালনা করছিলো। এসময় মেহেদী হাসান লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালিয়ে ওই স্থান অতিক্রম করার চেষ্টা করলে ম্যাজিষ্ট্রেটের নির্দেশে তার মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত মোটরসাইকেলের কোন বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় এবং মাথায় হেলমেট না থাকায় ম্যাজিষ্ট্রেট আবু নাছের জুয়েলকে নগদ ৫’শ টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের কারাডণ্ডের নির্দেশ দেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী জুয়েল ম্যাজিষ্ট্রেটকে প্রান নাশের হুমকি দেয়।
