২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্র ও গুলিসহ আটক ২

খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার অস্ত্র ও গুলিসহ দুই আদিবাসী সন্ত্রাসীকে আটক করেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 04:41 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

লক্ষ্মীছড়ি জোনের সেনা টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪ টায় কৈলাশ মহাজনপাড়া এলাকায় অভিযান চালায়।

সেনা সূত্র জানিয়েছে, অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শুক্রকুমার চাকমা (৩৫) ও লক্ষ্মী চাকমা নামের দুজনকে সেনা সদস্যরা ধরতে সক্ষম হয়।

আটককৃতদের কাছ থেকে দুইটি এসবিবিএল গান, ৫০ রাউন্ড গুলি, অবৈধ চাঁদা আদায়ের রসিদসহ গুরুত্বপূর্ণ কিছু দলিলপত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃত দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় লক্ষ্মীছড়ি থানায় অস্ত্রসহ হস্তান্তর করা হয়েছে।

গুইমারা এলাকায় গত এক বছরে সেনা সদস্যরা অভিযান চালিয়ে ৮২ টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, মাদকদব্য ও চোরাই কাঠসহ শতাধিক সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে সাব-মেশিনগান একটি, একে ২২ রাইফেল একটি, এসবিবিএল গান ১৩ টি, শার্টার গান একটি, পিস্তল তিনটি, রিভলবার সাতটি, কাঁটা বন্দুক ৩৩ টি, মদ ছয়শ লিটার, ফেন্সিডিলের বোতল ২৬ টি এবং মূল্যবান কাঠ একশ’ ঘনফুট ।