উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় জ্বালানী সংকটের কারণে ইরি-বোরো চাষ ব্যাহত
উত্তরাঞ্চলের দিনাজপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ এবং নীলফামারীর বিভিন্ন উপজেলায় সার, তেল এবং বিদ্যুৎ সংকটের কারণে ইরি-বোরে চাষ ব্যাহত হচ্ছে।
বিডিনিউজের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার চিলমারী, রৌমারী, রাজিবপুর উপজেলাসহ চার শতাধিক চরে ডিজেল সংকটের কারণে কৃষকরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
কৃষকরা অভিযোগে জানায়, চলতি মৌসুমে এসব অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট এবং সারের মূল্য বৃদ্ধির কারণেও তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
এখানে ৪০ থেকে ৪৫ টাকা দরে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে। এর অগে এর মূল্য ছিল প্রায় ৩১ টাকা।
যমুনা অয়েল কোম্পানির ডিপো ইনচার্জ মোহাম্মদ আলী বিডিনিউজকে জানান, সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ৩ লাখ ৭৫ হাজার লিটার ডিজেল আসে এবং তা ১১ ফেব্রুয়ারি শেষ হয়ে যায়।
বিডিনিউজের নীলফামারী প্রতিনিধি জানান, ডিজেল শূণ্য হয়ে পড়েছে নীলফামারী। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেশী দাম দিয়েও কৃষকরা ডিজেল পাচ্ছে না। পল্লী এলাকায় প্রতি লিটার ডিজেল ৩৫/৩৬ টাকা দামে কিনে কৃষক ইরি বোরো ক্ষেতে সেচ দিয়ে কোন রকমে রোপাকে বাঁচিয়ে রেখেছে।
জেলা প্রশাসন জেলার ডিলার ও পাম্পগুলোতে এক লাখ পাঁচশ’ লিটার ডিজেল মজুদের কথা স্বীকার করলেও কয়েকটি পাম্প মালিকরা জানিয়েছেন, তাদের পাম্পে ডিজেল নেই।
নীলফামারী সদরের রাজা ফিলিং এর ম্যানেজার হুমায়ুন কবির বিডিনিউজকে জানান, গত ১১ ও ১২ ফেব্রুয়ারী তারা পেয়েছে ৯ হাজার লিটার ডিজেল। প্রতিদিন ১৮ হাজার লিটারের চাহিদা থাকলেও সপ্তাহে সরবরাহ দেয়া হচ্ছে মাত্র ১৮ হাজার লিটার। পার্বতীপুর ডিপোতে রাজা ফিলিং এর লরি কয়েকদিন ধরে পড়ে আছে।
ডিজেল নিতে আসা সদরের লক্ষীচাপ দুবাছুরি গ্রামের কৃষক অছিমুদ্দীন (৬১) জানান, ডিজেলের অভাবে জমিতে সেচ দিতে পারছি না, পানির অভাবে জমি ফাঁটতে শুরু করেছে।
জলঢাকার আলা এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি পাম্পে লিটার প্রতি দু’ থেকে চার টাকা করে বেশি করে দাম নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসক রথীন্দ্রনাথ চৌধুরী জানান, দাম বেশি নেয়ার অভিযোগে এ পর্যন্ত দু’জন ডিলারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিডিনিউজের দিনাজপুর প্রতিনিধি জানান, সার, তেল ও বিদ্যুতের সংকটে বৃহত্তর দিনাজপুরে ইরি বোরো রোপন কার্য ব্যাহত হচ্ছে। এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে কৃষি অফিস সূত্র আশংকা প্রকাশ করেছে।
বিডিনিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বোরো ধান চাষের ভরা সেচ মৌসুমে ডিজেল সংকটের কারণে এই জেলার কৃষকদের অবস্থা চরমে পৌঁছেছে। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারীভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হলেও কৃষকদের কাছে এখনও ডিজেল চাহিদামত পৌঁছছে না। উত্তরাঞ্চলের প্রধান তেল ডিপো বাঘাবাড়ী’র যমুনা, পদ্মা ও মেঘনা তেল কোম্পানির বিপণন কেন্দ্রে ডিজেলের সরবরাহ খুবই অপ্রতুল হওয়ায় প্রতিদিনই প্রায় শত শত তেল পাম্প মালিকদেরকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে।
ডিজেলের কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ায় জেলার বাঘাবাড়ী ও পাবনার কাজিরহাটে অস্থায়ী পল্টুন বন্দরে গড়ে উঠেছে অবৈধ সিন্ডিকেট।
সূত্র জানায়, লরী প্রতি ৫০০-১০০০ টাকা নিয়ে যমুনা, পদ্মা ও মেঘনা (বাঘাবাড়ী) ডিপো ম্যানেজারদের সাথে যোগসাজসে ডিজেলের চালান দেয়া হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, বাঘাবাড়ী তেল ডিপো’র যমুনা, মেঘনা ও পদ্মা কোম্পানির বিপণন কেন্দ্রে ডিজেল থাকলেও তা নিয়ন্ত্রণ করছে অবৈধ সিন্ডিকেট চক্র।
এদিকে বাঘাবাড়ী নৌ বন্দরের ৯/১০ কিলোমিটার ভাটিতে বড়াল-যমুনা নদীর মোহনায় পেঁচাকোলা, মোহনগঞ্জ ও চরসাফুল্লাপুরে নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় ঢাকা ও চট্টগ্রাম থেকে তেলভর্তি ট্যাংকারগুলো বাঘাবাড়ী নৌ বন্দরে ভিড়তে পারছে না।
বাঘাবাড়ী বন্দরের কর্মকর্তা মুন্সী মহিউদ্দীন বিডিনিউজকে জানান, নাব্যতার কারণে বাঘাবাড়ী বন্দরে তেল ট্যাংকারের চলাচল বাধাগ্রস্ত হয় । এই বন্দর উন্নয়নে সরকারের একটি সুস্পষ্ট নীতি নির্ধারণসহ বন্দরকে প্রথম শ্রেণীর বন্দর ঘোষণা করা উচিৎ।
সর্বোপরি মৌসুমের শুরুতে বিদ্যুৎ, ডিজেল, সার সংকট, অগভীর নলকূপ না চলায় এবং সার কীটনাশকের অভাবে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী এবং সিরাজগঞ্জে ইরি-বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
