তেজগাঁওয়ে গার্মেন্টস ভবন ধস: উদ্ধারকাজ শেষ করতে ৩ দিন লাগবে
ফায়ার ব্রিগেডের একজন কর্মকর্তা জানিয়েছেন, তেজগাঁওয়ে ধসে যাওয়া গার্মেন্টস ভবনের উদ্ধারকাজ শেষ করতে তাদের আরো তিন দিন সময় লাগবে।
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় শনিবার সকাল ১১টায় বহুতল গার্মেন্টস ভবন ধসে পড়লে কমপক্ষে ১৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে বলে পুলিশ ও উদ্ধারকর্মীরা জানিয়েছে।
অগ্নিনির্বাপক দলের সহকারী পরিচালক সেলিম নেওয়াজ ভূঁইয়া ঘটনাস্থলে বিডিনিউজকে জানান, এখনো যারা বেঁচে আছেন তাদেরকে উদ্ধারের জন্যে তারা চেষ্টা করছেন তবে ভবনটি কিভাবে ধসে পড়েছে তা তারা বলতে পারছেন না।
দুর্ঘটনার সম্ভাব্য কারণ কী হতে পারে জিজ্ঞাসা করা হলে সেলিম ভূঁইয়া বলেন, ভবনের ভার বহন ক্ষমতার সঠিক বন্টন না হওয়ায় এটি ধসে পড়তে পারে। এছাড়াও রাস্তায় অনেক ভারী যানবাহন চলাচল করায় অতিরিক্ত কম্পনের কারণেও ভবনটি ধসে পড়তে পারে।
এ দুর্ঘটনা ও সাভারের ¯েপ্রকট্রাম গার্মেন্টস কারখানার ভবন ধসের ঘটনা একই রকম নয়। তবে এখানে তারা তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছেন বলে তিনি জানান।
সাভার ঘটনার পর বর্তমানে দমকল বাহিনীর প্রচুর সরঞ্জাম থাকা সত্ত্বেও তাদের এতো সময় লাগছে কেন জানতে চাইলে ভূঁইয়া বলেন, উদ্ধার কাজের জন্যে আমাদের কিছু সরঞ্জাম আছে ঠিকই তবে ধ্বংসস্তুপ সরানো আর উদ্ধারকাজ চালানো এক কথা নয়।
