২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিকল্প হিসেবে নিজ দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে গ্যাস আমদানি করবে ভারত

বাংলাদেশের বিকল্প হিসেবে ভারত এখন তার উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যের মধ্য দিয়ে মায়ানমার থেকে গ্যাস আমদানি করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 06:24 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী দিনশা প্যাটেল বৃহস্পতিবার রাতে লোকসভাকে একথা জানান।

তিনি বলেন, বেশকিছু দ্বিপাক্ষিক বিষয়ে ভারত ও বাংলাদেশে মধ্যে মত পার্থক্য দেখা দেওয়ায় ভারত, মায়ানমার ও বাংলাদেশের ভিতর দিয়ে ত্রিদেশীয় পাইপলাইন স্থাপন সংক্রান্ত খসড়া সমঝোতা স্মারকটি এখনও ঝুলে আছে।

তাই বাংলাদেশের পরিবর্তে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্য দিয়ে বিকল্প পাইপলাইন স্থাপন করা হচ্ছে এবং গ্যাস আমদানির ব্যাপারে মায়ানমারের সাথে আলোচনা চলছে বলে তিনি জানান।

এদিকে ভারত-ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের জন্যে গঠিত ভারত, পাকিস্তান ও ইরানের যৌথ কার্যকরী গ্রুপটি তিনবার বৈঠক করে গ্যাসের দাম, প্রকল্প কাঠামো এবং ত্রিদেশীয় সরকারের মধ্যকার চুক্তির ব্যাপারে আলোচনা করেছে।

এ প্রকল্পের বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনার জন্যে চলতি বছরের জানুয়ারিতে নয়াদিল্লিতে এ তিনটি দেশের কারিগরি দলের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে ভারত ও পাকিস্তান চলতি বছরের মার্চের মাঝামাঝি ইরানের তেহরানে এ ব্যাপারে সরকারি পর্যায়ের একটি যৌথ বৈঠক করতে সম্মত হয়। এছাড়াও পরবর্তীতে এপ্রিলের মাঝামাঝি তেহরানে তিন দেশের মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।