২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বস্ত্র কারখানায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৮২টি লাশ উদ্ধার

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বস্ত্র কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮২ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2006, 03:45 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

আহতদের মধ্যে অন্তত ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের বেশিরভাগই নারী কর্মচারি।

অবশ্য সরকারি হিসেবে কেটিএস নামক ওই কারখানায় অগ্নি দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪৯ জন।

সম্প্রতি এটিই দেশের সবচেয়ে বড় ধরণের অগ্নিকাণ্ড।

দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভয়াবহ আগুনের কবল থেকে মাত্র আড়াইশ’ জন প্রাণে বাঁচতে সক্ষম হন। তবে সে সময় ওই কারখানায় কর্মরত ছিলো প্রায় এক হাজার জন শ্রমিক।

অগ্নিকাণ্ডের পর থেকেই কেটিএস কারখানার মালিক ওয়াহিদুর রহমান গা দিয়েছেন। তবে তার পরিবারিক সূত্র দাবি করেছে, তিনি আমেরিকায় রয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অগ্নিদগ্ধ ৬০ জন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশ নিহতর এখনো পরিচয় পাওয়া যায়নি।

হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

চিকিৎসক এবং নার্সরা আহতদের চিকিৎসার্থে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আহতদের উন্নত চিকিৎসার্থে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের একটি চিকিৎসক দল চট্টগ্রাম যাচ্ছে।

আগুনে পোড়া রোগিদের বিভৎস চিৎকারে হাসপাতাল এবং ওই কারখানার আশেপাশের এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাসপাতাল এবং কারখানা ঘিরে রেখেছে। স্বজনদের খোঁজে হাসপাতাল ও কারখানা এলাকায় আত্মীয়-স্বজনরা ভিড় করছে।

আগ্নিকাণ্ডের আগে কারখানা কর্তৃপক্ষ পার্শ্ববর্তী বেকারি থেকে এক হাজার ১০০ জন লোকের খাবার সরবরাহর আদেশ দেয়। এ থেকেই অগ্নিকাণ্ডের সময় কারখানার ভিতরে অন্তত এক হাজার শ্রমিক কর্মরত ছিলো বলে সংশ্লিষ্টদের ধারণা।

চারতলা ভবনের কারখানাটিতে বৃহস্পতিবার রাত ৭টার সময় আগুন লাগে। দমকল বাহিনীর ৫০টি ইউনিটের কর্মীরা সারা রাত চেষ্টার পর শুক্রবার সকাল ৯টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

এখনো নিশ্চিতভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

বেঁচে যাওয়া শ্রমিকরা অভিযোগে জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার কর্মকর্তা -কর্মচারিদের ব্যবস্থাপক তাদেরকে মোবাইল ফোনে নিচতলা থেকে ওপরে যাওয়ার জন্য বলে।

তারা অভিযোগে আরো জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার প্রধান ফটক তালাবদ্ধ এবং জরুরি নির্গমন পথ না থাকায় শ্রমিকরা বাইরে বেরিয়ে আসতে পারেনি।

এক পর্যায়ে শ্রমিকরা কোনো উপায় না পেয়ে ওপর থেকে নীচে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করে। এতে অনেকেই আহত হয়।

দমকল বাহিনীর সাথে পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেয়। শুক্রবার দুপুরে আর কোনো মৃতদেহ না পাওয়ায় তারা উদ্ধার অভিযান স্থগিত করে।

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিকেলে অগ্নিকাণ্ড-স্থল পরিদর্শন করার কথা।