চট্টগ্রামের বস্ত্র কারখানায় অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৮২টি লাশ উদ্ধার
বন্দরনগরী চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বস্ত্র ও প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত কমপক্ষে ৮২টি লাশ উদ্ধার করা হয়েছে। এদের বেশিরভাগই নারী। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানায়।
এই অগ্নিকাণ্ডে চারশ’ লোক আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অগ্নিদগ্ধ ৬০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের
মধ্যে অধিকাংশের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট আহতদের চিকিৎসার্থে চট্টগ্রাম যাচ্ছে।
রাতে পার্শ্ববর্তী বেকারি থেকে ১১শ’ লোকের খাবার সরবরাহের জন্য কারখানা কর্তৃপক্ষের অর্ডারের উল্লেখ করে সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার ভিতরে অন্তত এক হাজার শ্রমিক কর্মরত ছিল।
চারতলা এই কারখানায় বৃহস্পতিবার রাত ৭টার সময় আগুন লাগে। দমকল বাহিনীর ৫০টি ইউনিটের কর্মীরা সারারাত চেষ্টার পর শুক্রবার সকাল ৯টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দমকল বাহিনী সদস্যদের সাথে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
স্থানীয়রা অভিযোগে জানায়, কারখানার কলাপসিবল গেট তালাবদ্ধ থাকায় শ্রমিকরা বাইরে বেরিয়ে আসতে পারেনি।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিকেলে অগ্নিকাণ্ড-স্থল পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।
শিল্প কারখানা সূত্র জানায়, ১৯৯০ সালে ২৩টি কারখানায় অগ্নিকাণ্ড দুর্ঘটনায় প্রায় ৩৫০ জন গার্মেন্টস ও কারখানা শ্রমিক নিহত এবং প্রায় আড়াই হাজার শ্রমিক আহত হয়।
