যশোরে সারের সংকট অনেকটা হ্রাস পেয়েছে
যশোরে সারের প্রকট সংকট না থাকলেও চলতি মৌসুমে উল্লেখযোগ্য পরিমাণ ইউরিয়া সারের চাহিদা রয়েছে।
ক’দিন আগেও সার বিক্রয় কেন্দ্রগুলোতে যেখানে কৃষকের দীর্ঘ লাইন দেখা যেত এখন সেখানে মাত্র হাতে গোনা কিছু কৃষককে দেখা যায়।
সংশিষ্ট সূত্রগুলো জানায়, চলতি ইরি-বোরো মৌসুমে ইউরিয়া সারের চাহিদা ক্রমশ কমে আসছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) হস্তক্ষেপে যশোর জেলার জন্য বরাদ্দকৃত বাফার স্টকের ৪২ টন করে সার উত্তোলন করে কৃষকদের মাঝে বিতরণ করার ফলে সার সংকট অনেকটা কমে গেছে।
গত সপ্তাহ থেকে বাফার স্টকের বরাদ্দকৃত সার যশোরে আসতে শুরু করে এবং একই সঙ্গে তা বিতরণ করাও শুরু হয়। এই সারের পুরোটাই কয়েকদিনের মধ্যেই বিতরণ সম্পন্ন হবে বলে ডিলাররা আশা করছেন।
এদিকে ,সারের তীব্র সংকট মোকাবেলায় যশোরের দুটি বেসরকারি সার ফ্যাক্টরি এগিয়ে এসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জেলা সার মনিটরিং কমিটির অনুরোধে আহাদ ফার্টিলাইজার ফ্যাক্টরি এবং সাউথ বেঙ্গল ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি যথাক্রমে পাঁচ হাজার ও এক হাজার বস্তা সার সরবরাহ করেছে বিনা লাভে। এনপিকেএস সার তৈরির জন্য ফ্যাক্টরি দুটিতে ইউরিয়া মজুদ ছিল।
দুটি বেসরকারি কোম্পানি , বাফার স্টক (আপদকালীন মজুদ) এবং মিল থেকে প্রাপ্ত সার বিপনণের ফলে যশোর অঞ্চলে সারের চাহিদা অনেক কমে এসেছে।
অতিরিক্ত চাহিদা পুরণের জন্য জেলা সার মনিটরিং কমিটি বিসিআইসি’র কাছে ডিলারদের মার্চ মাসের বরাদ্দ সার চলতি মাসেই ছাড় করার অনুরোধ জানিয়েছে।
