শেরপুরে সারের জন্য কৃষকদের হাহাকার, বিক্ষোভ, সারভর্ত্তি ট্রাক আটক
শেরপুরে সারের সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষকরা সারের জন্য বুধবার নির্ধারিত ডিলারের দোকানে অপেক্ষা করেও সার পায়নি।
বিকালে সার না পাওয়ায় বিক্ষুব্ধ কৃষকরা জেলা প্রশাসক অফিসে অবস্থান ধর্মঘট করতে গেলে শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কৃষকরা জানায়, বৃহস্পতিবার ১০টায় সার দেওয়া হবে বলে আশ্বাস দিয়ে দুই শতাধিক কৃষককে হাতে স্লিপ দিয়ে ফিরিয়ে দেয়া হয়।
এদিকে, বুধবার বিকাল ৪টার দিকে যমুনা সার কারখানা থেকে এক ট্রাক ইউরিয়া সার আসার সময় শেরপুর-জামালপুর সড়কে শিমুলতলী নামক স্থানে কৃষকরা ট্রাকটিকে আটক করে। পরে শেরপুর থেকে ম্যাজিষ্ট্রেট ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সার ভর্তি ট্রাকটি উদ্ধার করে।
