২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আ.লীগ- বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সিরাজগঞ্জ শহরে বুধবার সকালে আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষে পুলিশসহ উভয় দলের কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সিরাজগঞ্জ জেলার কাজীপুরে মঙ্গলবার আ.লীগ- বিএনপি সংঘর্ষের জের ধরে বুধবার সিরাজগঞ্জ শহরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা তিন ঘন্টা সংঘর্ষে সমস্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার কাজীপুর উপজেলা আওয়ামী সভাপতি ইসমাইল হোসেনকে বিএনপি ও ছাত্রদল নেতা- কর্মী কর্তৃক কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদ জানায়। বুধবার সকাল ১১টার দিকে বিএনপি’র একটি মিছিল প্রেসক্লাবের সামনে আসলে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা মিছিলটি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

এক পর্যায়ে গোটা শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রেসক্লাব মোড়, ইলিয়ট ব্রিজ রোড, ভিক্টোরিয়া কোয়ার্টার, মুজিব সড়ক, বাহিরগোলাসহ বেশ কয়েকটি স্থানে এসব সংঘর্ষ চলে। সংঘর্ষে ১০/১২ জন পুলিশসহ উভয় দলের কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এসময় শহরের বিভিন্ন স্থানে ১০/১২টি দোকান ভাংচুর হয়। এছাড়া ছাত্রদল ও যুবদল কর্মীরা প্রায় ২০/২৫টি বাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

আহতদের মধ্যে ছাত্রলীগ সহসভাপতি, কলেজ শাখার সভাপতি রাজু ইসলাম, ছাত্রলীগ নেতা এল বাবু, সেলিম, রহিম, রানা, শামীম, ছাইদূল, যুবলীগের শহর শাখার যুগ্ম আহ্বায়ক ছাইদুল, কাশেম এবং ছাত্রদল নেতা রাজু, কামাল, রিয়ন, ছালাম, ফরিদ, লিটন, আরিফ, সুজন, মিলন, ইন্মা আলিম, বাবু, এরশাদ, পুলিশ কনষ্টেবল আব্দুর রাজ্জাক, আরিফ, আনসার আলী, দারোগা আতিকসহ প্রায় ৩৫ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছাত্রলীগকর্মী আবুল কাশেমের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে কাজীপুরে মঙ্গলবারের সংঘর্ষের পর আওয়ামী লীগের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।