২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সার বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নে সার বিতরণকে কেন্দ্র করে সোমবার দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন কৃষক আহত হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

আহতদের মধ্যে চারজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় এক ঘন্টা ধরে সার বিতরণ বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, সকাল ৯টার দিকে চরমুচারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সার ডিলার বদিউজ্জামান বাদশার দোকানে সহস্রাধিক কৃষক সার কেনার জন্যে আসে। সার বিতরণ শুরু হওয়ার পর চরমুচারিয়া ইউনিয়নের মুচারচর গ্রাম ও কামারের চর ইউনিয়নের চরভাবনা গ্রামের কৃষকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে।

খবর পেয়ে শেরপুর অতিরিক্ত থানা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সদর থানার ইউএনও ও কৃষি স¤প্রসারণ বিভাগের উপ পরিচালকসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে সকাল ১০টায় কামারের চর কলেজ মাঠে পুনরায় সার বিতরণ শুরু হয়। তবে চরভাবনা গ্রামের শতাধিক কৃষক অভিযোগ করেছে, কতিপয় প্রভাবশালী ব্যক্তি তাদেরকে সার নেয়ার জন্যে লাইনে দাঁড়াতে বাধা দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক জসিম উদ্দীন আহমেদ বলেন, সুষ্ঠু প্রক্রিয়ায় সার বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং আগামী ২১ ফেব্রুয়ারি শেরপুর সদর উপজেলায় ১৮২ মেট্রিক টন সার বিতরণ করা হবে।

অপরদিকে সকাল ১০টায় দুই শতাধিক বিক্ষুব্ধ কৃষক সারের দাবিতে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও ডিসি অফিস ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।