এক দশকে ১ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার ৫১ ভাগ কমেছে: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির দু’দিন ব্যাপী পঞ্চদশ দ্বিবার্ষিক সম্মেলন ও ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি মিট-২০০৬ শুরু হয়েছে।
সম্মেলনের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত এক দশকে বাংলাদেশে এক বছর বয়সী শিশুমৃত্যুর হার ৫১ ভাগ হ্রাস পেয়েছে। তিনি আরো জানান, শিশু ও মার্তৃ মৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় এগিয়ে আছে।
অনুষ্ঠানে দেশের চিকিৎসা ব্যবস্থা বিশেষত শিশু চিকিৎসার উন্নয়নে অবদান রাখার জন্য স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে এবং শিশু চিকিৎসা ব্যবস্থায় অবদান রাখার জন্য জাতীয় অধ্যাপক এম আর খানকে স্বর্ণপদক দেয়া হয়।
সম্মেলনে শিশু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক এমএ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বাস্থ্য সচিব একেএম জাফর উল্লা খান, বিএসএমএমইইউ’র উপাচার্য অধ্যাপক এমএ হাদী, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন, জাতীয় অধ্যাপক এম আর খান, সমিতির মহাসচিব অধ্যাপক চৌধুরী মো: হায়দার আলী, শিশুমৃত্যু স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো: আব্দুল হান্নান প্রমুখ।
সম্মেলনে ভারতের ১৩জন, মালয়েশিয়ার একজন এবং অস্ট্রেলিয়ার একজন শিশু বিশেষজ্ঞসহ প্রায় ৫০০ শিশু বিশেষজ্ঞ অংশগ্রহণ করে। দু’দিন ব্যাপী এ সম্মেলনে বৈজ্ঞানিক অধিবেশনসহ ৬০টি প্রবন্ধ নিয়ে আলোচনা করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছে।
