২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেল, বিদ্যুতের পর উত্তর, দক্ষিণাঞ্চলে এবার সার সংকট

জ্বালানি তেল সংকট, বিদ্যুতের লোডশেডিং এবং লো-ভোল্টেজের পর দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে এবার সার সংকট দেখা দিয়েছে। এসব সমস্যায় ইরি-বোরো চাষে বিপর্যয় দেখা দিতে পারে বলে কৃষকরা আশংকা করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তরাঞ্চলের ১৬টি জেলার ১৪ লাখ ৯,৫৪৩ হেক্টর জমিকে ইরি-বোরো চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কিন্তু সার, বিদ্যুৎ ও জ্বালানি তেলের তীব্র সংকট থাকায় সে লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে না বলে বিশেষজ্ঞরা আশংকা করছেন।

অধিকাংশ জমিতে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বিদ্যুৎ-চালিত সেচযন্ত্র ব্যবহার করা হয়। সম্প্রতি পর্যাপ্ত বিদ্যুত সরবরাহ না থাকা এবং লো-ভোল্টেজ ও ভোল্টেজ ওঠানামা করায় কৃষকদের সেচযন্ত্র অহরহ অকেজো হয়ে পড়ছে। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১০ থেকে ১২ টাকা। আর তাই সেচ ব্যবস্থাপনায় কৃষকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এর সঙ্গে এবার যোগ হয়েছে সার সংকট। বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়নগুলোর ডিলারদের কারসাজিতে সেখানকার কৃষকরা ঠিকমত প্রয়োজনীয় ইউরিয়া সার পাচ্ছেন না।

যমুনা ফার্টিলাইজারের ৫০ কেজির প্রতিবস্তা ইউরিয়া ১৫ দিন আগে ৩০০ টাকায় বিক্রি হলেও এখন কৃষকদের অতিরিক্ত ৪৫ টাকা গুণতে হচ্ছে। কাফকো’র সার আগে বস্তÍা প্রতি ২৯০ টাকায় পাওয়া গেলেও এখন বিক্রি হচ্ছে ৩৩৫ টাকায়।

এই একই চিত্র পুরো উত্তরাঞ্চল জুড়ে।

কৃষকরা জানান, সরকার ইউনিয়ন পর্যায়ে সার সরবরাহ দিতে ডিলার নিয়োগ করলেও অনেকেই উপজেলা সদরে এনে সার বিক্রি করে থাকে। প্রত্যন্ত গ্রাম থেকে উপজেলা সদরে গিয়ে সার কিনতে অতিরিক্ত যানবাহন খরচ বহন করতে হয়। এতে বাধ্য হয়েই কৃষকরা ইউনিয়ন পর্যায় থেকে বেশি দামে সার কিনছেন।

তারা অভিযোগ করেন, বিভিন্ন ইউনিয়নের সার ব্যবসায়ীরা সুযোগ বুঝে ৬/৭ জন কৃষককে নিজ খরচে উপজেলা সদরে নিয়ে তাদের নামে সার উত্তোলন করে। পরবর্তীতে ওই সার তারা কালোবাজারে বিক্রি করে।

অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন পর্যায়ের ডিলাররা জানায়, গত কয়েকদিন ধরে যমুনা সারের সরবরাহ কমে গেছে। কাফকোর সার ঠিকমত পাওয়া যাচ্ছে না। অধিক মূল্যে কিনতে হওয়ায় তারা বাধ্য হয়েই সামান্য বেশি দরে ইউরিয়া বিক্রি করছেন বলে সারা ডিলাররা জানান।

কিন্তু বগুড়া শহরের সারপট্টি এলাকার ডিলার ও ব্যবসায়ীরা জানান, যমুনার সার সরবরাহ চলতি মাসে কমে গেলেও কাফকোর সার সরবরাহ সন্তোষজনক।

বিডিনিউজ-এর যশোর প্রতিনিধি জানান, জেলায় সারের মজুদ শেষ হয়ে যাওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় জেলার সার সংকট তীব্র আকার ধারণ করতে শুরু করেছে। সার কেনার জন্যে শত শত কৃষক বিক্রয় কেন্দ্রগুলোতে প্রতিদিনই ভিড় করছেন।

অপরদিকে ডিলাররা আগাম ভিত্তিতে সার সরবরাহ করার দাবি তুলেছেন। পরিস্থিতি সামাল দিতে চলতি বছরের মার্চেই সার সরবরাহ করার আহ্বান জানিয়েছেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি ইউনিয়নে মাত্র একটি করে বিক্রয় কেন্দ্র থাকায় সার কেনার জন্যে কৃষকদের অনেক পথ ভ্রমণ করতে হচ্ছে। প্রতিটি বিক্রয় কেন্দ্রেই সার কিনতে আগ্রহী কৃষকদের লম্বা লাইন দেখা গেছে।

কৃষি দপ্তরের হিসাব মতে, খুলনা বিভাগের ১০টি জেলায় ৪৬,২৯৯ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৫,৮৭৭ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে এবং মাত্র ৪,৩৫১ মেট্রিক টন সার মজুদ রয়েছে। ডিলাররা বলেছেন, ফেব্রুয়ারি মাসের জন্যে বরাদ্দকৃত সার বিতরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জরুরি প্রয়োজনের জন্যে মজুদ করে রাখা সার ইতোমধ্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। যশোর বাফার স্টকে মাত্র ২০০ টন ইউরিয়া সার মজুদ রয়েছে।

বাংলাদেশ সার সমিতির যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুটুল বিডিনিউজকে বলেন, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে মার্চ মাসের জন্যে বরাদ্দকৃত সার অবিলম্বে বরাদ্দ দিতে হবে।

এদিকে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের সার বিক্রয় কেন্দ্রে সারের মজুদ শেষ হয়ে আসায় সেখানে কৃষকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

বুধবার সার কিনতে ব্যর্থ হয়ে উত্তেজিত কৃষকরা ইছালি ইউনিয়ন চেয়ারম্যানকে দীর্ঘ সময় আটকে রাখে।