হবিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৫০
হবিগঞ্জের সদর উপজেলায় বুধবার গ্রামের দুটি গ্রুপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত এবং ১০ পুলিশ ও ইউপি চেয়ারম্যানসহ কমপক্ষে ৫০জন আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন: সৈয়দ মিয়া (৪০) এবং লাল মিয়া (৪৫)।
আহতদের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সজীব আলী এবং গোয়েন্দা শাখার (ডিবি) ওসি হেলালউদ্দীনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএাড়া ১০ পুলিশসহ অন্যান্য আহত ৫০ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০.৩০ টার দিকে একজন রিক্সা চালক ও যাত্রীর মধ্যে ভাড়া নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
উমেদনগর এবং পাথারিয়া গ্রামের বাসিন্দারা তাদের বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এই সংঘর্ষে লিপ্ত হয়।
চার ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশ গ্রামবাসীকে ছত্রভঙ্গ করার জন্য ১০০ রাউন্ড গুলি ও ৩০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, দুই গ্রামের মাঝখানে অবস্থিত একটি খোলা মাঠে দু’গ্রামের লোকেরা সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
পলিশ জানায়, একটা সময় তারা গুলি বর্ষণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে লাল মিয়া মারা যায়।
সৈয়দ মিয়া প্রতিপক্ষের আক্রমনে নিহত হয় বলে জানা যায়।
সংঘর্ষের পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং বর্তমানে গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
