উত্তরাঞ্চলে তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে
সংসদে বিরোধী দলের ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের মুখে উত্তরাঞ্চলে প্রতি লিটার জ্বালানী তেলের মূল্য পঞ্চাশ পয়সা থেকে এক টাকা বৃদ্ধির সরকারী সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এক কর্মকর্তা জানালেন জ্বালানী তেলের মূল্য বর্ধিতকরণের সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে উত্তরাঞ্চলের জ্বালানী তেল পরিবহনের ফলে যে অতিরিক্ত ব্যয় হয় তা পেট্রোলিয়াম কর্পোরেশনকেই বহন করতে হবে।
সরকার সোমবার জ্বালানী তেলের ডিলারদের লিটার প্রতি ৫০ পয়সা থেকে ১ টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাবটি অনুমোদন করে। নদীর অনাব্যতার কারণে বাঘাবাড়ি ডিপো থেকে জ্বালানী তেলের চালান বন্ধ হয়ে যাওয়ায় এবং ঢাকা ও খুলনা থেকে জ্বালানী তেল উত্তরাঞ্চলে স্থলপথে পরিবহনের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ায় জ্বালানী তেলের এই মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল।
নতুন কৃষি মৌসুমে সরকারের জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে উত্তরাঞ্চলে কৃষকদের মধ্যে ব্যাপক অসোন্তষের সৃষ্টি হয়েছে। প্রতি লিটার ডিজেলের মূল্য ৩০ টাকা হলেও সংকটের কারণে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকায়। সরকারীভাবে মূল্য বৃদ্ধির সুযোগে বিক্রেতারা এখন প্রতি লিটার ডিজেল ৪০ টাকায় বিক্রি করছে।
মঙ্গলবার সংসদে বিরোধী দল আওয়ামীলীগের সংসদ সদস্যরা উত্তরাঞ্চলে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সংসদ বর্জন করে বেরিয়ে আসেন। সরকার পক্ষ থেকে এ সময় জানানো হয় যে, উত্তরাঞ্চলে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করা হয়নি।
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের পর জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, উত্তরাঞ্চলে তেলের মূল্য বৃদ্ধি করা হয়নি। তিনি আরও জানান, পূর্বের পরিকল্পনা অনুযায়ী তেল পরিবহনের ক্ষেত্রে দূরত্ব অনুসারে জ্বালানী তেলের মূল্য নির্ধারণে তিনি এখনও দৃঢ় প্রতিজ্ঞ।
নতুন এই সিদ্ধান্তের ফলে জ্বালানী তেল পরিবহনের অতিরিক্ত ব্যয় এখন আর খুচরো ক্রেতাদের ঘাড়ে চাপবে না। খুলনার দৌলতপুর ডিপো থেকে যে সমস্ত ডিলাররা তেল নেবেন তাদের পরিবহনের অতিরিক্ত ব্যয় এখন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বহন করবে।
জ্বালানী উপদেষ্টা বলেন, নদীর অনাব্যতার কারণে বাঘাবাড়ি থেকে জ্বালানী তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারা জানালেন, মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহারের ফলে বাঘাবাড়ি থেকে জ্বালানী তেলের সরবরাহ শুরু না হওয়া পর্যন্ত কর্পোরেশনকে প্রতি মাসে তিন-চার কোটি টাকা অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করতে হবে।
