আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে
আওয়ামী লীগ সহ ১৪ দল আহুত বুধবারের সকাল-সন্ধ্যা হরতালের সময়ে পুলিশ ও বিরোধীদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের অন্তত ৬০ জন আহত হয়েছে।
পুলিশ বলেছে, তারা মহিলাকর্মী সহ ৩৫ জন হরতাল সমর্থককে আটক করেছে। এ সময় হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক বাক-বিতন্ডা হয়। কয়েকটি ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী হরতাল সমর্থকদের লাঠিপেটা করেছে। বিপরীতে হরতাল সমর্থকরাও পুলিশের উপর ইট-পাটকেল ছুড়ে এবং সরকার বিরোধী শ্লোগান দেয়।
সার, তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, তত্ত্ব¡াবধায়ক সরকার এবং নির্বাচন কমিশনের সংস্কারের দাবিতে বিরোধী ১৪ দল এই হরতাল আহবান করে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রহসনের নির্বাচনের নিন্দা জানিয়েও এই হরতাল ডাকা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকাল ৬ টায় এই হরতাল শুরু হয়।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, রাসেল স্কোয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
১৪ দলের সমর্থকরা সকালে হরতালের সমর্থনে মিছিল বের করছে। রাজধানীর মিরপুর, পল্টন মোড়, বিজয় নগর, মতিঝিল, স্টেডিয়াম এলাকা, মহাখালী, যাত্রবাড়ি সহ বিভিন্ন পয়েন্ট হরতাল সমর্থক পিকেটাররা অবস্থান নেয়।
এ সময় পুলিশ হরতাল সমর্থকদের লাঠি পেটা শুরু করলে মহাখালী, যাত্রবাড়ি এবং স্টেডিয়াম এলাকায় সংঘর্ষ বেঁধে যায়।
বিরোধীদলের সমর্থকরা খালেদা জিয়া ও চার দলীয় জোটের সরকারে বিরুদ্ধে শ্লোগান দেয়।
১৪ দলের সিনিয়র নেতারা পল্টন মোড়ে সমবেত হয়ে হরতাল সমর্থকদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
পল্টনের কাছে জিরো পয়েন্টে এক হরতালের সমর্থনে এক মিছিল শুরু করতে গিয়ে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ১৪ দলীয় জোটের আহবায়ক আবদুল জলিল বলেন, তেল, সার সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্য বৃদ্ধিতে জনসাধারনের দুভোর্গ চরমে পৌঁছেছে।
তিনি তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন আইন সংস্কারের দাবী করে বলেন, এই সরকার জনগণের চাহিদা মেটাতে বর্থ হয়েছে। তাই জনগণ আর তাদের সমর্থন করে না।
রাস্তাঘাটে যানবাহন তুলনামুলকভাবে কম চলাচল করতে দেখা যায়। তবে রিক্সা যথারীতি চলাচল করছে।
দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার বাস রাজধানীর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি।
পল্টন ময়দান থেকে ৫ ফেব্রুয়ারি সমাবেশ থেকে এই হরতালের কর্মসূচী ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে আট হাজার পুলিশ, বিডিআর এবং দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
